অবশেষে গ্রেপ্তার বখাটে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দুই যমজ বোনকে উত্ত্যক্ত ও মারধর করা বখাটে জীবন করিমকে (২৪) গ্রেপ্তার করেছে র্যা ব। গত রোববার সন্ধ্যায় মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবীর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, জীবনকে গতকাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯ অক্টোবর কলেজ ছুটির পর বাসায় ফেরার সময় কলেজের সামনে ওই দুই বোনকে প্রথমে উত্ত্যক্ত করেন বখাটে জীবন করিম। এর প্রতিবাদ করায় দুজনকে মারধর ও বাঁশ দিয়ে পেটানো হয়। দুই দফায় মারধরে এক বোনের বাঁ পা ভেঙে যায় ও অন্যজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ ঘটনায় দুই ছাত্রীর বাবা ওই দিনই শাহ আলী থানায় জীবন করিমসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ সেদিন জীবনের বন্ধু লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলেছে, কলেজের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জীবন করিমের বাসা। চিড়িয়াখানা রোডে একটি ফাস্টফুড ও খাবারের দোকান আছে। ঘটনার পর জীবন পালিয়ে যাওয়ায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পরে রোববার সন্ধ্যায় র্যা ব জীবনকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে শাহ আলী থানায় হস্তান্তর করে র্যা ব।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার (আজ) জীবন করিমকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।