অবশেষে গ্রেপ্তার হলেন সেই কুলসুমা
খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তার। কিন্তু প্রতারণা করে মিনু আক্তার নামের আরেক নারীকে দিয়ে সাজা খাটান তিনি। সেই কুলসুমা আক্তারকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে নগরের পতেঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুলসুমা পুলিশকে জানিয়েছেন, মর্জিনা আক্তার নামে মিনুর এক প্রতিবেশীর মাধ্যমে মিনুকে কারাগারে পাঠান কুলসুমা।
কুলসুমার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। মিনুর বাড়ি জেলার সীতাকুণ্ডের জাফরাবাদের ছিন্নমূল এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মর্জিনার ওপর পুলিশের নজরদারি রয়েছে। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে মামলা করা হবে। মর্জিনাকে জিজ্ঞাসাবাদে একজনের বদলে আরেকজনকে কারাগারে পাঠানো চক্রটি শনাক্ত করা যাবে।
ওসি নেজাম উদ্দিন আরও বলেন, কুলসুমাকে গোপন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের ঠিকানায় সাজা পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
‘সাজা কুলসুমার, খাটছেন মিনু’ শিরোনামে গত ২৩ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের দিনই চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে বলা হয়, প্রকৃত আসামি কুলসুমা আক্তারের পরিবর্তে আরেক আসামি মিনু আক্তার সাজা ভোগ করছেন। পরে উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার (৩০)।
কারামুক্তির ১৩ দিনের মাথায় দুর্ঘটনায় নিহত হন তিনি। ২৮ জুন দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ফৌজদার হাট সংযোগ সড়কের আরেফিননগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মিনুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে ২৯ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোনো পরিচয় না পাওয়ায় এক দিন পরে অজ্ঞাত হিসেবে তাঁর লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। পরে মিনুর ভাই রুবেল হোসেন ছবি দেখে বোনের পরিচয় নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, মুঠোফোন নিয়ে কথা-কাটাকাটির জেরে ২০০৬ সালের ৯ জুলাই চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় পোশাককর্মী কোহিনুর বেগমকে হত্যা করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর এই মামলার রায়ে কুলসুমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রকৃত আসামি কুলসুমা আক্তার মামলার সাজা হওয়ার আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কারাগারে ছিলেন। সাজা হওয়ার পর ২০১৮ সালের ১২ জুন কুলসুমা সেজে মিনু কারাগারে আসেন। পরে কুলসুমা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান জানান, কারা রেজিস্ট্রারে থাকা দুজনের ছবির মিল ছিল না। এ বিষয় নজরে আসার পর লিখিতভাবে আদালতকে জানানো হয়। পরে তিনি মুক্তি পান।
মুক্তির পর মিনু প্রথম আলোকে বলেছিলেন, মর্জিনা আক্তার নামের পূর্বপরিচিত এক নারী তাঁকে টাকা দেওয়ার কথা বলে কারাগারে যেতে বলেন। তিনি কুলসুমাকে চিনতেন না। কিন্তু ভয়ে কাউকে কিছু বলেননি।
নিরপরাধ মিনুর কারামুক্তির জন্য আইনি সহায়তা দিয়েছিলেন চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি প্রথম আলোকে বলেন, মিনুকে কারাগারে পাঠানো মর্জিনা আক্তারসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানা-পুলিশ মামলা না করলে আদালতে মামলা করা হবে। পুলিশ মামলা করার কথা বলেছে। এই মামলায় চক্রটিকে শনাক্ত করতে হবে।
মিনুর বড় ভাই মো. রুবেল হোসেন জানান, তাঁর বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাঁর বোনের স্বামী ছিল না। তিন সন্তানকে মানুষ করতে মিনু কখনো ভিক্ষা করতেন, আবার কখনো মানুষের বাসায় কাজ করতেন। সন্তানদের লালন–পালন ও জাকাতের টাকা দেওয়ার কথা বলে তাঁর বোনকে কারাগারে পাঠানো হয়। শেষ পর্যন্ত তাঁর বোন দুনিয়া থেকে চলে যান। যারা তাঁর বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি রুবেলের।