সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত মূল আসামি লিটন মণ্ডল ধরা পড়েছে। মানিকগঞ্জের দৌলতপুর থেকে সাভার মডেল থানার পুলিশ আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অপর দুজনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লিটন মণ্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার গয়াসপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সাভারে ডিবির তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি মাদক ব্যবসাও করতেন বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে।
ঘটনার শিকার ওই দুই তরুণীর অভিযোগ, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে ৬ জুলাই রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরের দিন ওই দুই তরুণীর একজন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় লিটনসহ ভবনের তত্ত্বাবধায়ক মোকারম হোসেন ও কলেজের তত্ত্বাবধায়ক মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, ঘটনার পর থেকে লিটন পলাতক ছিল। প্রযুক্তির সহায়তা নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক সোহরাওয়ার্দী হোসেন আজ বিকেলে দৌলতপুরের চর খলশি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন।