অবশেষে নোয়াখালীর সেই বিদ্যালয়ের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ও শিক্ষকদের আগুনে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিলুপ্ত কমিটির সভাপতি জসিম উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নেয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার হাট থেকে তাঁকে গ্রেপ্তার করে সুধারাম থানার পুলিশ। গ্রেপ্তারের পর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জসিম উদ্দিনকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন ওই বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে আরমান হোসেন নামের এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন তৎকালীন সভাপতি জসিম উদ্দিন। তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের নানা হুমকি-ধমকি দেন তিনি।
এরপর ৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিদ্যালয়ে একাধিকবার হামলা-ভাঙচুর চালানো হয়। কেটে দেওয়া হয় বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ। এ ছাড়া ১৮ জুন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পুড়িয়ে মারার হুমকি দেন জসিম উদ্দিন। উদ্ভূত পরিস্থিতিতে ১০ জুলাই ওই উপজেলা শিক্ষা কমিটির বৈঠকে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়া হয়।
এরপর গত ৩১ আগস্ট প্রধান শিক্ষক শামীম আরা বেগম বাদী হয়ে বিলুপ্ত কমিটির জসিম উদ্দিনসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।