অবশেষে ফরম পূরণে অতিরিক্ত ফি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের টানা তিন দিন বিক্ষোভের পর গতকাল বৃহস্পতিবার ফরম পূরণের অতিরিক্ত ফি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যাঁরা অতিরিক্ত টাকায় ফরম পূরণ করেছেন, তাঁদের টাকাও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কয়েকজন শিক্ষার্থী ও ওই কলেজ সূত্রে জানা গেছে, এখন থেকে ২ হাজার ২০০ টাকায় ফরম পূরণ করা যাবে। এর আগে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার টাকা করে দাবি করেছিলেন অধ্যক্ষ। ফলে শিক্ষার্থীরা অতিরিক্ত টাকায় ফরম পূরণ না করে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন। এ নিয়ে গতকাল কলেজের গভর্নিং বডির সদস্যরা জরুরি সভা আহ্বান করেন। সভায় ফরম পূরণে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া সভায় যেসব শিক্ষার্থী অতিরিক্ত টাকায় ফরম পূরণ করেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় অধ্যক্ষকে।

এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ইউনুস আলী বলেন, অতিরিক্ত ফি দাবি করা হয়েছে, এটা সত্য নয়। ফরম পূরণের সঙ্গে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি মিলেই জনপ্রতি ৫ হাজার টাকা দাঁড়িয়েছিল। এ অবস্থায় ২ হাজার ২০০ টাকা ফরম পূরণের জন্য সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি।