রাজধানীর গুলশানে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুই রিকশাচালকসহ চারজনকে আহত করার ঘটনায় ফারিজ রহমানের (১৬) বিরুদ্ধে অবশেষে মামলা করেছে গুলশান থানার পুলিশ। ওই থানার এসআই ফেরদৌস আহমেদ গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।
ফারিজ রহমান আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের ভাতিজা।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকেবলেন, ফারিজের ড্রাইভিং লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই সে গাড়ি চালাচ্ছিল। এ কারণে তাকে একমাত্র আসামি করে মামলাটি করা হয়েছে। তিনি বলেন, মামলায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চারজনকে গুরুতর জখম এবং মালামালের ক্ষতির অভিযোগ আনা হয়েছে ফারিজের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
১২ অক্টোবর বিকেলে গুলশানের ৭৪ নম্বর সড়কে ফারিজ রহমান তার বাবা এইচ বি এম জাহিদুর রহমানের একটি ব্যক্তিগত গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দুটি রিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন রিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি আটক করলেও ফারিজকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না করে মিটমাট করে ফেলা হলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
১৯ অক্টোবর সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীসহ ছয়জন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং যথাসময়ে আইনি পদক্ষেপ নিতে পুলিশের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ১৪ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার, গুলশান থানার ওসিসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।