চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবদুর রহিম (৩৪) নামের এক হাজতির শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে এক হাজার ৬৪৪টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা করেছে কারা কর্তৃপক্ষ। গত বুধবার রাতে নগরের কোতোয়ািল থানায় কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলাটি করেন।
২০ সেপ্টেম্বর ‘১১ দিনেও মামলা হয়নি’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজতি আবদুর রহিমকে আসামি করে নগরের কোতোয়ািল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলাটি করা হয়।
কক্সবাজার টেকনাফ থানার শিলবুনিয়া গ্রামের নজির আহমেদের ছেলে আবদুর রহিমকে নগরের কর্ণফুলী থানার পুলিশ ৮ সেপ্টেম্বর নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে ১০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এ মামলায় পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কারাগারে পৌঁছার পর ভেতরে ঢোকানোর আগে অন্য বন্দীর মতো আবদুর রহিমকেও তল্লাশি করা হয়। এ সময় তাঁর পায়ুপথ থেকে এক হাজার ৬৪৪ ইয়াবা বড়ি উদ্ধার করেন কারারক্ষী এরশাদুল্লাহ। আইনে সুযোগ থাকলেও কারা কর্তৃপক্ষ এত দিন মামলা করেনি।