অবশেষে মামলা নিল পুলিশ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরানতাহিরপুর গ্রামের একঘরে করে রাখা পরিবারটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। নির্যাতিত নারী বাদী হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে থানায় এ মামলা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার থানার পুলিশকে মামলা নিতে বলা হয়। সন্ধ্যায় পুলিশ মামলা তালিকাভুক্ত করে বলে থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান।
মামলায় প্রতারণা, ধর্ষণ, সন্তানের স্বীকৃতি না দেওয়া ও মারপিটের অভিযোগ আনা হয়। মামলায় জামাল উদ্দিন, তাঁর বাবা, মা ও তাঁদের দুই সহযোগীকে আসামি করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে পুরানতাহেরপুরের নিজ বাড়ি থেকে হায়দার আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ব্র্যাকের দুর্গাপুরের লিগ্যাল এইড শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আফজাল হোসেন বলেন, ভুক্তভোগী নারীকে আইনি সহায়তা দিতে গতকালই একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল গতকাল পুরানতাহিরপুর গ্রামে যায়। সমিতির বিভাগীয় সমন্বয়কারী দিল সিতারা বলেন, পরিবারটিকে একঘরে অবস্থা থেকে মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরানতাহিরপুরের জামাল উদ্দিন একই গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে একটি সন্তান জন্ম দেন। এতে মাতবরেরা ওই নারীর পরিবারটিকে একঘরে করেন।