অবশেষে মামলা প্রতারক জসিম গ্রেপ্তার
সাভারে ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জসিম উদ্দিনের নামে অবশেষে গত বুধবার রাতে সাভার মডেল থানায় মামলা হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের চরলক্ষ্মীপুর গ্রামের মঞ্জুয়ারা আক্তার গত ২৬ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মামলা দায়েরের পরপরই ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জসিমকে গ্রেপ্তার করে।
জানা গেছে, মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ঢাকা দক্ষিণের সমন্বয়কারীর দায়িত্ব পাওয়ার পর জসিম উদ্দিন ২০০৩ সালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পাশে মোল্লা টাওয়ার ভাড়া নেন। এরপর মেঘনার সাইনবোর্ড ঝুলিয়ে ডাচ মাল্টিপারপাসের নামে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
ওই প্রতিষ্ঠানের কর্মীরা জানান, মানিকগঞ্জের সিঙ্গাইর, ঢাকার সাভার ও ধামরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে ১২ বছরে অন্তত ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ করেন জসিম উদ্দিন। এসব টাকায় তিনি সিলেটে চা-বাগান ও মালয়েশিয়ায় বাড়ির মালিক হওয়ার পাশাপাশি দেশে বহু জমি কেনেন।