অবশেষে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে মারধরের ছয় দিনের মাথায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাজাপুর-বেলপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে।
এর আগে বুধবার বিকেলেই উপজেলার সাজাপুর-বেলপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেনের দায়ের করা মারপিট ও ছিনতাই মামলা গ্রহণ করে থানা-পুলিশ। আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আল আমিনকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, যুবলীগ নেতা আল আমিন ও তাঁর সঙ্গীদের আসামি করে সাজাপুর-বেলপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা মামলাটি বুধবার বিকেলেই নথিভুক্ত করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আল আমিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
যুবলীগ নেতার হাতে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের অপর দুই শিক্ষক প্রহৃত হওয়ার ঘটনায় গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।