অবশেষে সাঁওতালদের মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ ও চিনিকল শ্রমিক–কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ১১ দিন পর অবশেষে সাঁওতালদের পক্ষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে স্বপন মুরমু বাদী হয়ে মামলাটি করেন।

সাঁওতালদের ওপর হামলা, ঘরে আগুন, পুরোনো বসতবাড়িতে লুটপাট ও সাঁওতাল হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। মামলা দায়েরের পর সন্দেহভাজন হিসিবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পাঁচজন হলেন গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামের মানিক সরকার (২৬) ও বাদশা মিয়া (৫০), তরফকামাল গ্রামের চয়ন মিয়া (২৫) এবং সাহেগঞ্জ গ্রামের আবদুর রশিদ (৬০) ও শাহনেওয়াজ (৩৮)।

এর আগে সাঁওতাল প্রতিনিধিরা অভিযোগ করেছিলেন, সহিংসতার ঘটনায় পুলিশ পাঁচটি মামলা করেছে। তাই সবাই পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে তাঁরা মামলা করতে পারছেন না। পুলিশ মামলা নিচ্ছেও না।

এ পরিস্থিতিতে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাঁওতালদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে গাইবান্ধার পুলিশ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে সাঁওতালরা মামলা করলে তা নিতে নির্দেশনা দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে মুঠোফোনে বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। কিন্তু আমাদের ঘরে আগুন, আমাদের পুরোনো বসতবাড়িতে লুটপাট ও সাঁওতাল হত্যার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হয়নি।’

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক–কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।

শুধু পুলিশের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করা হয়। এই মামলায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চারজন সাঁওতালকে গ্রেপ্তার দেখানো হয়।