অবশেষে হার মানলেন দগ্ধ ট্রাকচালক
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার আগুনে পুড়ে মারা গেলেন আরও একজন। সম্প্রতি মাগুরায় পেট্রলবোমা হামলায় দগ্ধ ইমরান হোসেন মোল্লা (৩০) গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ইমরানকে নিয়ে চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগে দগ্ধ হয়ে প্রাণ হারালেন।
লাগাতার অবরোধ কর্মসূচির ৮৬তম দিন গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহসহ বিভিন্ন ঘটনায় দুই জেলা থেকে বিএনপি ও জামায়াতের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানা গেছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ গতকাল পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১৩১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭৩৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৬১টি।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এবং ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আরেক ব্যক্তির মৃত্যু: মাগুরার মঘিরঢালে পেট্রলবোমা হামলায় দগ্ধ ট্রাকচালক ইমরান হোসেন মোল্লা গতকাল সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। হাসপাতালের বিছানায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল হার মানতে হলো তাঁকে। এ নিয়ে ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল পাঁেচ।
গত ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মুঘিরঢাল নামক স্থানে মাগুরা-যশোর মহাসড়কে একটি ট্রাকে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মারাত্মক দগ্ধ ইমরানসহ আটজনকে ২২ মার্চ সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়। হাসপাতালে আনার পথে মারা যান ট্রাকশ্রমিক রওশন আলী। এরপর বার্ন ইউনিটে মারা যান ইমরানের শ্যালক ট্রাকশ্রমিক মো. ইয়াদুল (২০), অপর শ্রমিক শাকিল মোল্লা (২০) ও আবদুল মতিন বিশ্বাস (২৫)। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেলেন ট্রাকচালক ইমরান হোসেন। চিকিৎসকেরা জানান, ইমরানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বার্ন ইউনিট সূত্র জানায়, মুঘিরঢালে ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ আরও চারজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁরাও শঙ্কামুক্ত নন।
ইমরানের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুরে। তাঁর বাবার নাম সিরাজুল মোল্লা। মাগুরায় মালপত্র নামিয়ে ফরিদপুরে ফেরার পথে ইমরান ও তাঁর ট্রাকের নয়জন শ্রমিক ওই পেট্রলবোমা হামলার শিকার হন।
ইমরানের মৃত্যুর পর গতকাল তাঁর স্ত্রী লাভলি আক্তার কান্নায় ভেঙে পড়েন। বিলাপ করে বলেন, ভাই ইয়াদুলের পর চলে গেলেন তাঁর স্বামীও। এখন এক বছরের ছেলে নিয়ে তাঁর কী হবে?
লাভলি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ক্ষতিপূরণের টাকা নেওয়ার জন্য শ্বশুর কাগজপত্রে তাঁর নাম উল্লেখ করেছিলেন। পরে বার্ন ইউনিটের কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে ওই কাগজপত্র বাতিল করান। পরে তাঁর (লাভলি) নামে কাগজ তৈরি করে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ৫৫ জন: সাতক্ষীরার বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন দাবি করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মৌলভীবাজার শহর থেকে শিবিরের দুই কর্মীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে কয়েকটি সিডি ও ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার কর্মীরা হচ্ছেন রাজন আহমদ (২২) ও শাহীন মিয়া (৩০)। মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
পেট্রলবোমা উদ্ধার: কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কুলিয়ারচর থানার এসআই আবুল হাসিম বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।