অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪
অবৈধ সম্পদ অর্জন মামলায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর (অব.) শওকত ইমরানকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। গ্রেপ্তারের পর তাঁকে মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শওকত ইমরানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা রয়েছে। নতুন নির্মিত একটি স্কুল ভবন জোরপূর্বক বন্ধ করে রাখার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ আদায়ে ঠিকাদারের ওপর চাপ তৈরি করতে তিনি এ কৌশল গ্রহণ করেন বলে অভিযোগ।
এদিকে সহকারী কমিশনারের (ভূমি) সিল-সই জাল করে নামজারির ভুয়া কাগজ সরবরাহের অভিযোগে দায়ের হওয়া মামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল বাশারকে গ্রেপ্তার করে সংস্থাটি। চাকরি দেওয়ার নাম করে জনৈক আক্কাছ আলীর কাছ থেকে ৯ লাখ টাকা আত্মসাৎ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হলের সিনিয়র সহকারী মো. আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়।