অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর (অব.) শওকত ইমরানকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শওকত ইমরানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা রয়েছে। দুদকের উপপরিচালক কামরুল আহসান রাজধানীর রমনা থানায় ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, শওকত ইমরান ১ কোটি ৯ লাখ ৩৬ হাজার ৭৬৬ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ছাড়া তিনি ৭৫ লাখ ৯৪ হাজার ৬৫৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৬(২) এবং ২৭(১) ধারা প্রয়োগ করা হয়।

ঘুষের দাবিতে ঠিকাদারকে চাপ তৈরি জন্য নতুন নির্মিত একটি স্কুল ভবন জোর করে বন্ধ রাখার অভিযোগে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সহকারী কমিশনারের (ভূমি) সিল-সই জাল করে নামজারির ভুয়া কাগজ সরবরাহের অভিযোগে দায়ের হওয়া মামলায় ফরিদপুর আলফাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুল বাশারকে গ্রেপ্তার করে সংস্থাটি।। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশারের বিরুদ্ধে ২০১৫ সালের ২৫ জুলাই মামলা করে দুদক।

এ ছাড়া চাকরি দেওয়ার কথা বলে আক্কাছ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে নয় লাখ টাকা আত্মসাৎ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হলের বরখাস্ত হওয়া সিনিয়র সহকারী মো. আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগেই তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মামলা হয়।