অবসরপ্রাপ্ত পুলিশের বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসা ভাড়া নিয়ে সেখানে তৈরি করা হতো জাল টাকা। জাল টাকা তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর এ ঘটনা প্রকাশ পায়। দিনাজপুরের পার্বতীপুর শহরের ঢাকা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আজমির আলম ওরফে মধু (৩২)।
পার্বতীপুর থানার পুলিশের ভাষ্যমতে, আজমির আলম দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে আসছিলেন। সম্প্রতি তিনি রংপুর মহানগরীর কামাল কাছনা মহল্লায় পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফার বাসা ভাড়া নেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার পর পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে জাল টাকা লেনদেন করতে আসেন আজমির। কিন্তু ঘটনাস্থলে হঠাৎ পুলিশ দেখে ক্রেতারা পালিয়ে যান। তবে ধরা পড়েন আজমির আলম। তাঁর ব্যাগ তল্লাশি করে ৩০টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। পুলিশের হাতে গ্রেপ্তার আজমির জাল টাকা তৈরির কথা স্বীকার করেন। তবে এই কাজে তাঁর বাড়িওয়ালা পরিবারের কেউ জড়িত নন বলে জানান তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় অনুসন্ধান চালানো হয়। ওই বাসা থেকে গতকাল শুক্রবার টাকা তৈরির বিপুল পরিমাণ কাগজ, টাকার নিরাপত্তা ফিতা, একটি প্রিন্টার ও কম্পিউটার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অবসরপ্রাপ্ত এএসপি গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর ছেলে সোহাগ আলী বলেন, ‘আজমির আলম নিজেকে গ্রাফিকস ডিজাইনার পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। তিনি যে এই কাজ করবেন তা আমরা জানতাম না।’
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, এ ঘটনায় আজমির আলমের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।