অবসরসুবিধা পেতে শিক্ষকদের চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ব্যানবেইস ভবনের নিচতলায় অবস্থিত অবসরসুবিধা বোর্ডের সামনের মেঝেতে বসে অবসরসুবিধার আবেদনের কাগজপত্র ঠিক করছেন শিক্ষকেরা l প্রথম আলো
রাজধানীর ব্যানবেইস ভবনের নিচতলায় অবস্থিত অবসরসুবিধা বোর্ডের সামনের মেঝেতে বসে অবসরসুবিধার আবেদনের কাগজপত্র ঠিক করছেন শিক্ষকেরা l প্রথম আলো

শিক্ষক আহমদুর রহমান অবসরে গেছেন ২০১১ সালের মে মাসে। অবসরসুবিধার টাকার জন্য আবেদন করেছেন ঠিক এক বছর পর। কিন্তু আবেদনের প্রায় আড়াই বছরেও পাওনা টাকা পাননি।
গত বুধবার রাজধানীর শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে তাঁর সঙ্গে কথা হয়। ভবনের নিচতলায় বিষণ্ন মনে ঘোরাঘুরি করছিলেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের কার্যালয় এই ভবনে। এই শিক্ষকের বাড়ি কক্সবাজারের সদর উপজেলায়। ছুরতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা বলে জানান।
আহমদুর রহমান বলেন, ‘আমার মেয়ের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কিন্তু টাকার অভাবে বিয়ের তারিখ ঠিক করতে পারছি না। অবসরের টাকাটা পেলে তারিখ ঠিক করতে পারতাম। কারণ, এটাই একমাত্র সম্বল। টাকা দ্রুত পেলে খুব ভালো হতো।’
অবসরসুবিধার টাকা পেতে বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক এখন প্রতিদিন ভিড় করছেন ব্যানবেইস ভবনে। অবসরসুবিধা বোর্ডের সূত্রমতে, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সাড়ে তিন বছরে অবসরসুবিধার জন্য ৩৬ হাজার ৬৮৭ জন বেসরকারি শিক্ষক-কর্মচারী আবেদন করেছেন। কিন্তু সব আবেদনই অনিষ্পন্ন হয়ে পড়ে আছে। তাঁরা অবসরের টাকা কবে পাবেন, তা-ও নিশ্চিত করে কেউ বলতে পারেন না।
সারা দেশে এ ধরনের বেসরকারি শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ। অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য তাঁদের তিন-চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অবসরসুবিধা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘টাকার অভাবে শিক্ষকদের অবসর সুবিধা দেওয়া যাচ্ছে না। অনেক শিক্ষক এসে কান্নাকাটি করেন। আমিও তো কোনো শিক্ষকের ছাত্র ছিলাম। এ জন্য নিজেও অনেক সময় কেঁদে ফেলি।’
কয়েকজন কর্মকর্তা বলেন, মাসের পর মাস, এমনকি বছর ঘুরে নতুন বছর শুরু হলেও টাকা আর পান না শিক্ষকেরা। ফলে জীবনসায়াহ্নে এখানে এসে মানুষ গড়ার এই কারিগরদের চোখের পানি নিয়ে বাড়ি ফিরতে হয়। অথচ তাঁরা ছাত্রদের স্বপ্ন দেখান। পাশাপাশি তাঁরাও স্বপ্ন দেখেন সারা জীবন কষ্টের পর একসঙ্গে পাওয়া অবসরসুবিধার বড় অঙ্কের টাকা দিয়ে কিছু একটা করবেন কিংবা সেটি তুলে ব্যাংকে জমা দিয়ে মাস শেষে কিছু টাকা নিয়ে বাকি জীবন শান্তিতে কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন অনেকের আর পূরণ হয় না। আবেদনের পর অনেকে মারাও যান।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, শিক্ষা নিয়ে কাজ করার কারণে তিনিও এই ভোগান্তি নিয়ে অবগত। তিনি বলেন, বর্তমানে অবসরের টাকার জন্য শিক্ষকদের অপেক্ষাটা হেনস্তা পর্যায়ে চলে গেছে। সারা জীবন সেবা দেওয়ার পর শিক্ষকদের এই ভোগান্তি মানবাধিকার লঙ্ঘন। শুধু তাই নয় এ বিষয়ে কোনো সদুত্তরও পাওয়া যায় না। তাই শিক্ষকেরা অবসরের পর যেন দ্রুত টাকা পেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া উচিত।
অবসর সুবিধার এই টাকার একটি অংশ নেওয়া হয় শিক্ষকদের কাছ থেকে। এ জন্য চাকরিকালীন তাঁদের মূল বেতনের ৪ শতাংশ টাকা কেটে রাখা হয়। বাকি টাকা সরকার ও চাঁদা জমার সুদ থেকে সমন্বয় করে দেওয়া হয়। গড়ে মাসে চাঁদা জমা পড়ে ১৭ কোটি টাকা। কিন্তু প্রতি মাসে গড়ে শিক্ষক-কর্মচারী অবসরে যান ৯৫০ জনের মতো। সেই হিসাবে অবসরসুবিধার টাকা দিতে হলে প্রতি মাসে প্রয়োজন ৫৬ কোটি টাকা। এখন মাসে ঘাটতি পড়ছে ৩৯ কোটি টাকা। আর জমা পড়া মোট ৩৬ হাজার ৬৮৭টি আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন এক হাজার ৩২২ কোটি ৫৭ হাজার টাকা। এ টাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও ইতিবাচক সাড়া মেলেনি।
পদাধিকার বলে অবসরসুবিধা বোর্ডের চেয়ারম্যান শিক্ষাসচিব। কিন্তু দাপ্তরিক কাজটি দেখাশোনা করেন সদস্যসচিব। বর্তমানে সদস্যসচিব শিক্ষক নেতা আসাদুল হক। তিনিও প্রথম আলোকে বলেন, সরকার টাকা দিলে এক মাসেই সমস্যার সমাধান সম্ভব।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও সমস্যাটির কথাটি স্বীকার করে প্রথম আলোকে বলেন, এখন তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার থেকে টাকা নেওয়ার পাশাপাশি সিএসআর হিসেবে অন্যান্য উৎস থেকেও এই তহবিল বাড়ানোর চেষ্টা চলছে।
বোর্ডের একটি সূত্র জানায়, শিক্ষকদের কাছ থেকে বর্তমানে যে চাঁদা (৪ শতাংশ) নেওয়া হয়, সেটা বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
আছে হয়রানির অভিযোগ: অবসরের টাকা তুলতে এসে নানা ধরনের হয়রানির মুখেও পড়তে হয় শিক্ষকদের। কখনো কখনো ‘ঘুষ’ দিতে হয় এমন অভিযোগ যেমন আছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে দুর্ব্যবহারও পান তাঁরা। আবার সামান্য কাগজের ঘাটতির কথা বলেও হয়রানি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি কলেজের একজন শিক্ষক বলেন, তিনি ২০১০ সালে অবসরে যাওয়ার পর ২০১১ সালে জুনে আবেদন করেছেন। কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, কাগজে কিছু সমস্যা আছে।
গত বুধবার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা হয়। তিনি নাজমা চৌধুরী, রাজধানীর আজিমপুরের শহীদ মানিক আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। পাওনা টাকার জন্য তিনি আবেদন করেছেন ২০১১ সালের মে মাসে। এরপর থেকে শুধু ঘুরছেন, টাকা পাচ্ছেন না।
নিয়মানুযায়ী বয়স ৬০ বছর অথবা চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবসরে যান। তবে কেউ মারা গেলেও নির্ধারিত পরিমাণ টাকা পাবেন। আবার অন্তত ১০ বছর পূর্ণ করে স্বেচ্ছায় অবসর গেলে জমা হওয়া শুধু ৪ শতাংশ চাঁদার টাকা সুদসহ পাবেন। ২০০২ সালে অবসরসুবিধা বোর্ড প্রতিষ্ঠা হলেও এটা কার্যকর হয় ২০০৫ সালে। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৩ জনকে অবসরের টাকা দেওয়া হয়েছে।