অবসরে পাঠানোর পর দুদক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আহসান আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি। দুদকের সাবেক এ কর্মকর্তার দুর্নীতি খতিয়ে দেখতে উপপরিচালক জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।
প্রাতিষ্ঠানিক শর্ত ভঙ্গের অভিযোগ এনে গত বছরের মে মাসে আহসান আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চাকরি হারানোর পর তা ফিরে পেতে আইনি চেষ্টা করেও দুদকে ফিরতে পারেননি তিনি।
পেশাগত জীবনে বিভিন্নজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ এবং দুর্নীতির অনুসন্ধান-তদন্ত করা এ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাজধানীর নিকুঞ্জে তাঁর তিনতলা বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। যা তিনি দুদকে চাকরিরত অবস্থায় নির্মাণ করেছেন। এ ছাড়া খিলগাঁওয়ে রয়েছে আরেকটি বাড়ি। তাঁর নামে-বেনামে রয়েছে নানা সম্পদ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহসান আলী দুদকের একজন মহাপরিচালক তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন। ওই মহাপরিচালকের ষড়যন্ত্রের কারণে তিনি চাকরি হারিয়েছেন বলেও দাবি করেন। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ওই কর্মকর্তা অবৈধভাবে দুদকের ডিজি হয়েছেন। এটা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বলেও দাবি করেন আহসান আলী। তিনি বলেন, ‘মানি লন্ডারিংয়ের অভিযোগে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে যখন আমি মামলা দায়ের করে গ্রেপ্তার করি তখন হঠাৎ আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। আমাকে যখন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, তখন অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও আলোচিত কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছিলাম।’
আহসান আলী দাবি করেন, বাধ্যতামূলক অবসর দেওয়া হলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই তিনি দুদকে ফিরতে পারবেন। তৃতীয় শ্রেণির সনদে দুদকের ডিজি পদে চাকরিরত ওই মহাপরিচালক কোন এখতিয়ারে এ পদে আছেন এ মর্মে সম্প্রতি হাইকোর্টে একটি রিট হয়েছে বলেও তিনি জানান।