রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় একই প্রসূতির দুই নবজাতকের (যমজ) মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
রংপুর প্রেসক্লাবে এসে গত রোববার সন্ধ্যার পর প্রসূতি মঞ্জিলা বেগমের স্বামী অলি হক ও তাঁদের স্বজনেরা অভিযোগ করে জানান, দুই নবজাতকের মধ্যে একজনের গত শনিবার দুপুরে ও অন্যজনের রোববার বিকেলে চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
হাসপাতাল থেকে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার খামার মনিরাম গ্রামের অলি হকের স্ত্রী মঞ্জিলা বেগম তিন ঘণ্টা বয়সের সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি নবজাতক নিয়ে শনিবার সকালের দিকে হাসপাতালে ভর্তি হতে আসেন।
ওই সময় একটি নবজাতক আনার পথেই মারা যাওয়ায় তাকে ভর্তি করা হয়নি। অন্যজনকে ভর্তি করা হয়।
নবজাতক হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন রোববার সকালের দিকে আশঙ্কাজনক অবস্থায় এই সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে প্রসূতি চলে যান। হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় চিকিৎসক যেতে না দিলেও রোগীর স্বজনদের পক্ষ থেকে মুচলেকা দেওয়া হয়।
পরে ওই শিশুসন্তান পুনরায় অসুস্থ হয়ে পড়লে ওই দিন বিকেলে আবারও হাসপাতালে ভর্তি করা হলে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সহযোগী অধ্যাপক বিকাশ মজুমদার তাঁদের অভিযোগ অস্বীকার করে বলেন, দুজন নয়, একজন অপরিণত শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু এর পরও আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি ও রোগীর স্বজনেরা ‘হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না’—বলে মুচলেকা দিয়ে নবজাতককে নিয়ে যান।’
তিনি জানান, শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। আর ততক্ষণে শ্বাসপ্রশ্বাসে কষ্ট পাওয়া এক কেজি ওজনের অপরিণত ওই নবজাতকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর পরও বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে।