অবহেলায় রোগীর মৃত্যু, মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবহেলায় রোগীর মৃত্যুর জন্য দায়ী উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। মৃত শারমিন সরকারের (১৮) মা সুফিয়া সরকার এই অভিযোগ করেছেন। তদন্তে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার চিকিৎসককে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হলেন কলেজের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ফিরোজ আহমেদ খান, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, অবেদনবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল করিম এবং একই বিভাগের পরামর্শক মো. ফাইজুল হাসান চৌধুরী।
সুফিয়া সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার বাচ্চা চিকিৎসকের অবহেলায় মারা গেছে। আমি মামলা করতে গেলে পুলিশ বলছে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আসেন। এটা কেমন কথা? ’
সুফিয়া সরকার জানান, ওই চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করতে তিনি একাধিকবার উত্তরা পশ্চিম থানায় গেছেন। চার চিকিৎসকের সাময়িক বরখাস্তের কাগজও থানায় দিয়েছেন। তারপরও ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন মামলা নেননি। গত শনিবার ওই কর্মকর্তা রোগীর পরিবারকে তদন্ত কমিটির প্রতিবেদন এনে মামলা করার পরামর্শ দেন।
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ দায়ের করতে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা আছে কি না, জানতে চাইলে আল আমিন প্রথম আলোকে বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ।’ তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
সুফিয়া সরকার প্রথম আলোকে বলেন, শারমিনের জিবের গোড়ায় একটি টিউমার হয়েছিল। গত ৩ জুন শারমিন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজ আহমেদ খানের অধীনে ভর্তি হন। চিকিৎসকেরা বলেছিলেন, অস্ত্রোপচারটি খুবই সাধারণ। অস্ত্রোপচারের পর শারমিনের অবস্থার দ্রুত অবনতি হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকার সময়ই ৪ জুন সুফিয়া কলেজ কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়ে অভিযোগ দেন। ১৩ জুন শারমিন মারা যান।