রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় বেসরকারি কেসি মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার অবহেলায় লিজা আলমাস (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের চেয়ারম্যান বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ওই গৃহবধূর পরিবার।
লিজা আলমাসের ভাই রাসেল খান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, লিজা স্বামীসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন। তাঁর টনসিলের সমস্যা ছিল। ২ মে তাঁকে কেসি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ওই দিন সন্ধ্যার দিকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হয়। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে লিজাকে আয়েশা মেমোরিয়ালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে লিজা মারা যান।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আয়েশা মেমোরিয়ালের লাশঘর থেকে লিজার লাশ উদ্ধার করা হয়। লিজার ডান কানের নিচে অস্ত্রোপচারের চিহ্ন পাওয়া গেছে। লিজার স্বামী আলমাস হোসেন কেসি মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার অভিযোগ করেন। তাতে তিনি হাসপাতালের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী, চিকিৎসক শফিউল্লাহ এবং ব্যবস্থাপক বিষ্ণু রায়ের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
তবে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকীন প্রথম আলোকে বলেন, লিজার পরিবার আসামির তালিকা থেকে বদরুদ্দোজা চৌধুরীর নাম বাদ দেওয়ার জন্য লিখিত আবেদন করেছে। তাতে বলা হয়েছে, মামলার এজাহারে ভুল করে বদরুদ্দোজা চৌধুরীর নাম দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও হাসপাতালের পরিচালক মাহী বি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে ঘটনা খতিয়ে দেখেছি। প্রাথমিক তদন্তে আমরা কেসি মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার কোনো অবহেলা পাইনি। তবে আমি মনে করি, অবহেলাটা আসলে কোথায় কোন জায়গায় হয়েছে তা নিয়ে অধিকতর তদন্ত হওয়া উচিত।’ তিনি বলেন, কেসি মেমোরিয়ালে আইসিইউ না থাকায় রোগীকে আয়েশা মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়। ওই পরিবারের আর্থিক সমস্যার কথা চিন্তা করে কেসি মেমোরিয়ালের তহবিল থেকেও তাঁদের সহায়তা করা হয়।
রাসেল বলেন, লিজা অনেক দিন ধরেই বদরুদ্দোজা চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। অভিযোগে ভুলবশত বদরুদ্দোজা চৌধুরীর নাম দেওয়া হয়েছিল। তবে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
লিজার স্বামী আলমাস সৌদিপ্রবাসী। স্ত্রীর অসুস্থতার কথা শুনে তিনি জরুরি ভিত্তিতে দেশে এসেছেন।