অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গতকাল রোববার রোগীদের সেবা না দিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনের প্যানেল পরিচিতি সভা করেছেন চিকিৎসকেরা। এ সময় চিকিৎসা না পেয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বহির্বিভাগে টিকিট কেটে ভোগান্তিতে পড়ে অন্তত ৯০০ রোগী।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের সভাকক্ষে ওই পরিচিতি সভা হয়। এতে ১০০ জনের বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন। ২২ ডিসেম্বর বিএমএর কেন্দ্রীয় কমিটির নির্বাচন। এতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত প্যানেল হচ্ছে মোস্তফা জালাল মহিউদ্দীন ও মো. ইহতেশামুল হক। গতকাল এ প্যানেলের পরিচিতি সভার আয়োজন করে স্বাচিপ যশোর জেলা কমিটি।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বাচিপের সহসভাপতি শেখ বাহারুল আলম। সভাপতিত্ব করেন স্বাচিপ যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী মোল্লা। উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা, সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহবুবুল মাওলা চৌধুরী, স্বাচিপ যশোরের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাচিপ যশোরের সাংগঠনিক সম্পাদক এম এ বাসার। এ সভায় যশোর জেনারেল হাসপাতালের অন্তত ৮০ জন চিকিৎসক এবং খুলনা, নড়াইলসহ বিভিন্ন হাসপাতাল থেকে আরও ২০ জন চিকিৎসক যোগ দেন।
হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টা থেকে বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য ৯০০ জন টিকিট সংগ্রহ করেন। বহির্বিভাগে রোগী দেখার জন্য ১৯টি কক্ষ রয়েছে। গতকাল সভা চলার সময় মাত্র তিনজন চিকিৎসক সেবা দিয়েছেন। চরম দুর্ভোগের শিকার হয় দূর থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুঁই ইসলাম (২৫) নামের অন্তঃসত্ত্বা এক নারী সকাল সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের জন্য সকাল পৌনে ১০টায় তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। অভিযোগ উঠেছে, ওই সময়ে তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাননি।
জুঁইয়ের বাবার বাড়ি সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে। হাসপাতাল চত্বরে তাঁর বাবা জাহিদুর রহমান বলেন, ‘হাসপাতালে ভর্তির পর থেকে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। বিনা চিকিৎসায় আমার মেয়েকে মরতে হলো।’
বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, অন্তঃসত্ত্বা ওই নারীর অবস্থা খুব খারাপ ছিল। অস্ত্রোপচারের জন্য ওষুধ কেনার পরামর্শ দেওয়ার পর সকাল নয়টার দিকে স্বজনেরা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে আবার তাঁকে ফেরত আনেন তাঁরা। হাসপাতালে অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেছেন। বহির্বিভাগে চিকিৎসাসেবায় তেমন ক্ষতি হয়নি। যাঁরা বহির্বিভাগে দায়িত্বে ছিলেন, তাঁদের সেখানে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। চিকিৎসা না পেয়ে কেউ ফিরে যায়নি।
রোগীদের দুর্ভোগে রেখে প্যানেল পরিচিতি সভা প্রসঙ্গে স্বাচিপের সাংগঠনিক সম্পাদক বলেন, বৃহত্তর স্বার্থে কিছুটা ত্যাগ স্বীকার তো করতেই হয়। চিকিৎসাসেবার উন্নয়নে বিএমএ কাজ করছে। পরোক্ষভাবে যা সাধারণ মানুষেরই স্বার্থ।