অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন
২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের এ কমিটি গঠন করে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এন কে আলমকে সভাপতি, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানকে সদস্যসচিব ও সহকারী অধ্যাপক মনিকা রানী মোহন্তকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, অবহেলায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ রেখে গত রোববার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনের প্যানেল পরিচিতি সভা করেন চিকিৎসকেরা। এ সময় চিকিৎসা না পেয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বহির্বিভাগে টিকিট কেটে ভোগান্তিতে পড়ে অন্তত ৯০০ রোগী।
আজ পত্রিকায় এ খবর ছাপানো হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে বিষয়টি তদন্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয় বলে জানা গেছে।