অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত রিফাত হাসান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রিফাতের সহপাঠীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সরকারি পিসি কলেজ প্রাঙ্গণে এবং শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে।
শিক্ষার্থীদের দাবির পর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন মো. বাকির হোসেন ডেপুটি সিভিল সার্জন মো. রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি পিসি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত হাসান (১৬), জিতু মল্লিক (১৬) ও হাসিব জামান (১৬) গুরুতর আহত হয়। এর মধ্যে রিফাত ওই দিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সহপাঠীদের অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রয়োজনীয় সেবা দেননি।