অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত কক্ষে বাচ্চা প্রসবের সময় নয়নমণি নামে এক নার্সের কাঁচির আঘাতে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল সকালে উপজেলার নূরপুর গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের (২৫) প্রসবব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক মকবুল হোসেনের নির্দেশে বিভিন্ন পরীক্ষাও করানো হয়। স্বাভাবিকভাবে সন্তান প্রসব সম্ভব বলে রোগীর লোকজনকে জানান চিকিৎসক মকবুল। বেলা ১১টার দিকে হাসপাতালের নার্স নয়নমণি প্রসূতিকে পাশের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে বাচ্চা প্রসবের চেষ্টা করেন।
মনোয়ারা অভিযোগ করেন, প্রসব করানোর সময় নার্সের হাতে থাকা কাঁচির আঘাতেই শিশুটি মারা যায়। এ সময় রক্তক্ষরণ হতেও দেখেন তিনি। তিনি বলেন, ‘আমার নবজাতক শিশুর মাথার মধ্যে প্রায় এক ইঞ্চি একটি গর্ত এবং শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার দাগ রয়েছে।’ নার্স নয়নমণির অবহেলায় কাঁচির আঘাতে এমন হয়েছে বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।
নয়নমণি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে মকবুল স্যারের সঙ্গে কথা বলেন। তিনিই ভালো বলতে পারবেন। এই বলে নয়নমণি মুঠোফোনের সংযোগ কেটে দেন।’
তবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রনি রায় বলেন, ‘ নার্সের সঙ্গে কথা বলে বুঝলাম শিশুটি প্রসবের সময় প্রয়োজনমতোই মাকে কিছু কাটাছেঁড়া করতে হয়েছে। আর এ সময় কাঁচির আঘাত লেগে শিশুটি মারা যেতে পারে বলে রোগী ও তাঁর লোকজন সন্দেহ করছেন। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি।’ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। চিকিৎসক মকবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল সরকার মকবুল হোসেনের বরাত দিয়ে সন্ধ্যায় বলেন, ‘মকবুল হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে। সন্তান প্রসবের চিকিৎসা সঠিকভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন।’ পরিত্যক্ত কক্ষে সন্তান প্রসব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছুটিতে আছি। কর্মস্থলে ফিরে বিষয়টি নিয়ে তদন্ত করব।’