অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সুবর্ণা (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে রোগীর স্বজন ও এলাকার লোকজন ক্লিনিকটি ঘেরাও করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে তাঁরা শান্ত হন।
সুবর্ণার বাড়ি উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামে। তাঁর স্বামী হাসান শেখ পেশায় কৃষক।
সুবর্ণার বাবা চতুল ইউনিয়নের বাইখির গ্রামের দেলোয়ার চৌকিদার জানান, তিনি তাঁর মেয়েকে গত বুধবার বিকেলে পৌর সদর স্টেশন রোডের স্বর্ণা ক্লিনিকে ভর্তি করেন। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মেয়েসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার করেন ক্লিনিকের চিকিৎসক তাপস কুমার পাল, যিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। নবজাতক ও সুবর্ণা সুস্থই ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সুবর্ণা অসুস্থ হয়ে পড়েন। এ সময় একাধিক ইনজেকশন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়। তবে নবজাতকটি এখনো বেঁচে আছে। ওই ক্লিনিকের নার্সদের অবহেলা এবং সময়মতো চিকিৎসা না দেওয়ায় সুবর্ণার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার।
তবে চিকিৎসক তাপস কুমার পাল বলেন, অস্ত্রোপচারের পর থেকেই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়। গতকাল সকালে নার্স তাঁকে রোগীর শ্বাসকষ্টের কথা জানান। এরপর তিনি দুই ধরনের ইনজেকশন দিতে বলেন। রোগীর মৃত্যুর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
স্বর্ণা ক্লিনিকের মালিক ও বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম অবহেলার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, রক্তস্বল্পতার কারণে স্ট্রোকে সুবর্ণার মৃত্যু হয়েছে।