অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের উছলাপাড়া এলাকায় অবস্থিত ‘কুলাউড়া পলি ক্লিনিক’ নামের একটি বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় গতকাল শনিবার ভোরে রুনা বেগম (২২) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রুনা পার্শ্ববর্তী জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামের মর্তুজা আলীর স্ত্রী। ঘটনার পর প্রসূতির আত্মীয়স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান।
প্রসূতির স্বজনদের ভাষ্যমতে, প্রসবব্যথা ওঠায় গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রুনাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এর পর থেকে কোনো চিকিৎসকের দেখা মেলেনি। গতকাল ভোর পাঁচটার দিকে বারেক মোল্লা ও ফারজানা সুলতানা নামের দুই চিকিৎসক রুনাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। সকাল সাতটার দিকে ওই চিকিৎসকেরা অস্ত্রোপচারকক্ষ থেকে বেরিয়ে এসে জানান, রুনা একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তবে রুনার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। সিলেট পৌঁছে ‘নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রুনা বেশ আগেই মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুনার মৃত্যুর খবর পেয়ে তাঁর কিছুসংখ্যক আত্নীয়স্বজন বেলা ১১টার দিকে কুলাউড়া পলি ক্লিনিকের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে কয়েকটি কক্ষে ভাঙচুর চালান। রুনার বাবা তাজ উদ্দিন অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে কুলাউড়া পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমদ তালুকদার বলেন, ‘এখন কিছু বলা যাবে না। বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে।’একাধিকবার যোগাযোগের চেষ্টা করে চিকিৎসক বারেক মোল্লা ও ফারজানা সুলতানার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
কুলাউড়া থানার ওসি ওসি অমল কুমার ধর জানান, এ ব্যাপারে রুনার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।