অবহেলায় মৃত্যু প্রমাণিত, তবু মামলা নিচ্ছে না পুলিশ
অবহেলায় রোগীর মৃত্যুর জন্য দায়ী উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে, ‘ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে’ তারা মামলা নিচ্ছে না। তদন্তে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার চিকিৎসককে ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকেরা হলেন কলেজের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ফিরোজ আহমেদ খান, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন, অবেদনবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল করিম এবং একই বিভাগের পরামর্শক মো. ফাইজুল হাসান চৌধুরী।
অবহেলায় মৃত শারমিন সরকারের (১৮) মা সুফিয়া সরকার বলেছেন, ওই চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করতে তিনি একাধিকবার উত্তরা পশ্চিম থানায় গেছেন। সুফিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার বাচ্চা চিকিৎসকের অবহেলায় মারা গেছে। আমি মামলা করতে গেলে পুলিশ বলছে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আসেন। এটা কেমন কথা? ’
অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ দায়ের করতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিবেদন জমা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা আছে কি না জানতে চাইলে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন প্রথম আলোকে বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ।’ তবে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ কে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
মৃত শারমিনের স্বজনেরা জানান, শারমিনের জিভের গোড়ায় একটি টিউমার হয়েছিল। গত ৩ জুন শারমিন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজ আহমেদ খানের অধীনে ভর্তি হন। চিকিৎসকেরা বলেছিলেন, অস্ত্রোপচারটি খুবই সাধারণ। তবে অস্ত্রোপচারের পর শারমিনের অবস্থার দ্রুত অবনতি হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকার সময়ই ৪ জুন সুফিয়া কলেজ কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়ে অভিযোগ দেন। ১৩ জুন শারমিন মারা যান।
সুফিয়া সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (কলেজটি এই ইনস্টিটিউটের অধীন) নিবিড় পরিচর্যার বিভাগীয় প্রধান এ কে এম শফিকুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে। চিকিৎসায় অনিয়ম ও অবহেলা হয়ে থাকলে তা চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের দায়-দায়িত্ব কতটুকু তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি বলেছে, শারমিন সরকারকে চিকিৎসা প্রদানে ওই চার চিকিৎসকের দায়িত্বে চরম অবহেলা করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ ওই চার চিকিৎসককে ২৯ জুন সাময়িক বরখাস্ত করে।
অভিযুক্ত চিকিৎসকেরা বলেছেন, চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁরা কী করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে শল্যচিকিৎসক ফিরোজ আহমেদ খান হাসপাতালের অব্যবস্থাপনাকে রোগীর মৃত্যুর জন্য দায়ী করেছেন।