অবহেলায় রোগীর মৃত্যু চিকিৎসককে প্রত্যাহার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় গতকাল রোববার এক রোগী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভের মুখে ওই চিকিৎসককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ তদন্তে কমিটি করা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসকের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি ওই হাসপাতালের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তির নাম জাহান আলী জোয়ারদার (৩০)। তিনি নাছিরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
অভিযোগের ব্যাপারে চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এলাকাবাসী ও মৃত ব্যক্তির স্বজন সূত্র জানায়, গতকাল ভোর ছয়টার দিকে জাহান আলী ভ্যানে করে মাটি বহন করছিলেন। এ সময় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ১০ কিলোমিটার দূরে সাতক্ষীরার তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়নি। অনেক অনুরোধের পরও অক্সিজেন না দেওয়ায় তালায় নেওয়ার পথে মাইক্রোবাসেই জাহান আলীর মৃত্যু হয়।
জাহান আলীর চাচাতো ভাই রহমত আলী জোয়ারদার বলেন, অক্সিজেন দেওয়ার জন্য ওই চিকিৎসকের (আবদুল্লাহ আল মামুন) পা পর্যন্ত ধরা হয়। কিন্তু কিছুতেই অক্সিজেনের সিলিন্ডার দেওয়া হয়নি। এ কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।
ওই হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এম কে হক বলেন, স্ট্রোকজনিত কারণে জাহান আলীর বুকে ব্যথা হয়। হাসপাতালের নিয়ম না থাকায় ওই রোগীকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্র জানায়, জাহান আলীর মৃত্যুর পর সকাল নয়টার দিকে তাঁর স্বজন ও এলাকার লোকজন হাসপাতাল অবরোধ করেন। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভাত কুমার দাস এলে তাঁকে অবরুদ্ধ করা হয়। বেলা দেড়টার দিকে জেলা সিভিল সার্জন রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি এ ঘটনা তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট গোলক বিহারি স্বর্ণকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিভিল সার্জন আগামী ১০ দিনের মধ্যে ওই হাসপাতালে একজন চিকিৎসক ও এক মাসের মধ্যে প্রয়োজনীয় জনবল দেওয়ার প্রতিশ্রুতি দেন।