গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার সকালে চিকিৎসাসেবার অভাবে এক রোগীর মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মারা যাওয়া ওই ব্যক্তি হলেন উপজেলার লালটেকি এলাকার জসিম উদ্দিন (৪৫)। তিনি রিকশা চালাতেন।
গত শনিবার দুপুরে জসিম উদ্দিনকে একঝাঁক মৌমাছি হুল ফোটায়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ তাঁকে স্যালাইন পুশ করেন ও ব্যথানাশক ওষুধ দেন।
জসিম উদ্দিনের পরিবারের অভিযোগ, এরপর সারা রাত আর কোনো চিকিৎসক বা নার্স তাঁর খোঁজ নেননি। রাতের কোনো এক সময় স্যালাইন শেষ হলেও সেটি খোলা হয়নি। এ অবস্থায় হাসপাতালে ১৮ ঘণ্টা ভর্তি থাকার পর গতকাল সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, জসিম উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজন ও এলাকাবাসী চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে সকাল নয়টার দিকে হাসপাতাল ঘেরাও করেন। তাঁরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন জসিম উদ্দিনের লাশ বাড়িতে নিয়ে যান।
প্রায় এক ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখার কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা লোকজনকে।
জসিম উদ্দিনের ছোট ভাই আবুল কাশেম অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলাতেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।
অভিযোগ অস্বীকার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুল হুদা বলেন, চিকিৎসার কোনো ঘাটতি ছিল না। জসিম উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজন ও এলাকার লোকজন হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। পরে বাধ্য হয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রোগীর মৃত্যুর জেরে হাসপাতাল ঘেরাওয়ের ঘটনা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিছ তালুকদার।