অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সোমবার ভোরে আবদুল আলীম নামের এক ব্যক্তি মারা গেছেন। স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তির পর সারা রাত তাঁর কাছে কোনো চিকিৎসক যাননি।

আলীমের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভাঙচুর করেন। আলীমের (৩৫) বাড়ি একই উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামে।

আলীমের আত্মীয় জয়নাল হক গতকাল বেলা তিনটার দিকে প্রথম আলোকেবলেন, রোববার সন্ধ্যা ছয়টার দিকে আলীম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখনই একজন নার্স আলীমের শরীরে ঘুমের ইনজেকশন দেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

জয়নাল বলেন, আলীমের স্বজনদের সঙ্গে তিনি রাতভর ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। সারা রাত কোনো চিকিৎসক আলীমের কাছে যাননি।

একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকেবলেন, আলীমের মৃত্যুর খবর শোনার পর তাঁর স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল নয়টার দিকে বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা ও ইট দিয়ে আঘাত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি জানালা ও দরজা ভাঙচুর করেন। এ সময় চিকিৎসা সহকারী আবদুল কুদ্দুসকে চড়-থাপড় দেয় জনতা। নার্স ফাতেমা বেগমকে জনতা ধাওয়া দেয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

ভাঙচুরের খবর শোনার কয়েক মিনিট পরই উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও এ ঘটনায় জড়িত নার্সকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক চিকিৎসক থাকবে, এমন প্রতিশ্রুতি দেন। পরে জনতা শান্ত হয়।

চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মাবুদ আলী বলেন, ‘ওই ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর অবস্থা এমনিতেই খারাপ ছিল। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে শেরপুর কিংবা জামালপুরের হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তাঁরা নেননি। এ কারণে রোগী মারা গেছেন।’

রাতভর রোগীর কাছে কোনো চিকিৎসক যাননি—এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি নিজেই রোগীর কাছে গিয়ে ভালো চিকিৎসার জন্য তাঁকে বাইরে নিতে স্বজনদের বলেছি। আমাদের হাসপাতালে আমি ছাড়া কোনো চিকিৎসক নেই। চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন নার্স আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (চিকিৎসা সহকারী)।’

রাজীবপুর থানার ওসি রাফিউল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত হলে লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।