অবহেলায় রোগীর মৃত্যু পরে আপসরফা
ব্রাহ্মণবাড়িয়ার একটি ক্লিনিকে গত শুক্রবার চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীদের অবহেলায় নাসির হোসেন (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পৌর মেয়র হেলাল উদ্দিনের সহায়তায় বিষয়টিতে আপসরফা করেন। নাসির হোসেন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা ছিলেন।
নাসিরের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কিডনির ডান পাশে পাথর থাকায় গত বুধবার সন্ধ্যায় নাসিরকে শহরের ট্যাঙ্কেরপাড় এলাকায় অবস্থিত দ্য ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পাথর অপসারণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে অস্ত্রোপচারের জন্য নাসিরকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) নেওয়া হয়।
সেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ এ কে এম নিজাম উদ্দিন নাসিরের অস্ত্রোপচার করেন। পরে সেখানেই নাসির মারা যান। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনসহ এলাকার লোকজন এসে ওই ক্লিনিকে ভাঙচুর করেন।
নাসিরের ছেলে জাকির মিয়া অভিযোগ করেন, অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগে তাঁর বাবা পুরোপুরি সুস্থ ছিলেন। কিন্তু চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে অস্ত্রোপচার কক্ষেই তাঁর বাবা মারা যান। পরে রাতে চিকিৎসক এ কে এম নিজাম উদ্দিনসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী পালিয়ে যান।
তবে চিকিৎসক এ কে এম নিজাম উদ্দিন ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘১ ঘণ্টা ৫০ মিনিটের অস্ত্রোপচার শেষে ওই রোগীকে রাত সাড়ে ১১টার দিকে কক্ষ থেকে বের করা হয়। তখন হাসপাতালে মালিকপক্ষের একজন মিজান মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে রোগীটিকে দেখার জন্য আসতে বললেও কেউ আসেননি। পরে নাসির রাত পৌনে একটার দিকে মারা যান। রোগীটি দেখাশোনার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল।’
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া বলেন, ‘রোগী মারা যাওয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে সবাই ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। ওই রোগীর লোকজনের সঙ্গে বিষয়টি রফা-দফা হয়েছে।’ কত টাকা দিয়ে বিষয়টির রফা করেছেন, তা জানতে চাইলে তিনি চুপ থাকেন।
এ ব্যাপারে পৌর মেয়র হেলাল উদ্দিন জানান, মানবিক দিক বিবেচনা করে বিষয়টির মীমাংসা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনেরা এসে হাসপাতালে ভাঙচুর করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে হাসপাতালের কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে।