অবাধে চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নে মোট পাহাড় ও টিলা রয়েছে ৩৭৫ একর। পাহাড় কাটার অপরাধে গত ২ জানুয়ারি বড় বায়েক গ্রামের শাহিন মিয়া, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইউসুফ মিয়া এবং ৪ ডিসেম্বর গৌরাঙ্গলা গ্রামের ফরিদ মিয়া ও জাহাঙ্গীর মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১৬ জানুয়ারি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় থেকে পাহাড় কাটা বন্ধ করতে পাঁচ ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়। তাঁরা হলেন বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইউসুফ মিয়া, জাকির হোসেন, কৈখলা গ্রামের দেলোয়ার, নয়নপুর গ্রামের মিন্টু মিয়া ও বাগড়া গ্রামের জজু মিয়া।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর থেকে গত ১৬ মার্চ দ্বিতীয়বারের মতো পাহাড় না কাটতে নোটিশ দেওয়া হয়েছে কোল্লাপাথর গ্রামের মফিজুল ইসলামসহ হেলাল উদ্দিন, ইউসুফ মিয়া, ধোপাখলা গ্রামের জাকির হোসেন, কৈখলা গ্রামের দেলোয়ার হোসেন, মিন্টু মিয়া ও বাগড়া গ্রামের জজু মিয়াকে।

বায়েক ইউনিয়নের খাদলা, মাদলা, কোল্লাপাথর, নোয়াপাড়া, ধোপাখলা, সাগরতলা, বেলতলি, কৈখলা, পুটিয়া ও শ্যামপুর এবং গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া, রামপুর, কাজীয়াতলা, পাথারিয়াদ্বার, মধুপুর, ফতেহপুর, কুইয়াপানিয়া ও লক্ষ্মীপুর গ্রামের পাহাড়-টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। কেউ কেউ দিনের বেলা পাহাড়ের মাটি বিক্রি করছেন। কেউ কেউ আবার প্রশাসনের ভয়ে রাতের আঁধারে পাহাড় কাটছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজুল ইসলাম, আক্তার মিয়া; বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইউসুফ মিয়া, জাকির হোসেন; কৈখলা গ্রামের দেলোয়ার; নয়নপুর গ্রামের মিন্টু মিয়া এবং বাগড়া গ্রামের জজু মিয়া পাহাড় ও টিলা কাটার সঙ্গে জড়িত। মাদলা গ্রামের হালিম মিয়াও পাহাড় কাটার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে আগে মামলাও হয়েছে। আক্তার মিয়া পাহাড় কাটার দায়ে কারাভোগ করেছেন।

১০ ফেব্রুয়ারি বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজুল ইসলামের পাহাড় কাটতে গিয়ে ফারুক আহাম্মদ (২০) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়। ফারুকের বাড়ি একই ইউনিয়নের সপ্তাপুর গ্রামে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

২৬ মার্চ সরেজমিনে দেখা গেছে, কোল্লাপাথর গ্রামের মফিজুল ইসলামের পাহাড়টি কেটে খাড়া করে রাখা হয়েছে। সেখানেই পাহাড় কাটতে গিয়ে ফারুকের মৃত্যু হয়। সেখানে কথা হয় মফিজুলের স্ত্রী শিউলি আক্তারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটা অন্যায় জানি। কিন্তু রাস্তার কাজ করার জন্য কিছু মাটি নেওয়া হয়েছে। মাটি নেওয়ার কারণে সেখানে একটি রাস্তা তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে প্রায় ৫০টি পরিবার যাতায়াত করছে।’ প্রায় একই কথা বলেন মফিজুল। নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার পাহাড়ে গিয়ে দেখা গেছে একই চিত্র। তবে তাঁকে পাওয়া যায়নি।

কোল্লাপাথর গ্রামের আক্তার মিয়া বলেন, আগে তিনি পাহাড় কেটেছিলেন। ওই পাহাড় কাটার দায়ে কারাভোগ করেছেন। বর্তমানে তিনি কোনো পাহাড় কাটছেন না। মাদলা গ্রামের হালিম মিয়া বলেন, ‘দুই বছর আগে পাহাড় কাটার দায়ে দুটি মামলা খেয়েছি। সেই থেকে পাহাড় কাটা বন্ধ রয়েছে।’

কোল্লাপাথর শহীদ সমাধিস্থলের দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা আবদুল করিম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, পাহাড়ের পাদদেশে তাঁদের সমাহিত করা হয়েছে। কিন্তু পাহাড় কেটে কোল্লাপাথর এলাকার প্রাকৃতিক রূপ বিনষ্ট করা হচ্ছে। ফলে পর্যটনসমৃদ্ধ এই এলাকার গুরুত্ব কমে যাচ্ছে। যেভাবে পাহাড় কাটা চলছে, তা অব্যাহত থাকলে এই এলাকা একদিন পর্যটকশূন্য হয়ে পড়বে।

বায়েক ইউপির চেয়ারম্যান মো. আল-মামুন সরকার বলেন, ‘পাহাড় কাটা বন্ধের বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা করেছি। উপজেলা প্রশাসন, পুলিশ ও ভূমি কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পাহাড় কাটা আগের তুলনায় অনেক কমেছে।’

ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ উজ্জীবক মঞ্চের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করা উচিত। যাঁরা পাহাড় কাটছেন, ফৌজদারি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করে আইনের আওতায় আনা দরকার।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পাহাড় কাটতে গিয়ে শ্রমিক মারা যাওয়ার ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার বলেন, কসবায় ছোট-বড় ৩৭৫ একর পাহাড় রয়েছে। পাহাড় কাটা বন্ধে চেষ্টা অব্যাহত আছে। কয়েকজনকে জরিমানা করা হয়েছে। কয়েকজনকে নোটিশ দেওয়া হলে তাঁরা পাহাড় কাটবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন, এলাকার ছয় ব্যক্তির নামে পরপর দুটি করে নোটিশ দেওয়া হয়েছে। কেউ হাজির হননি। তৃতীয় নোটিশেও কেউ হাজির না হলে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, ‘পাহাড় কাটার খবর পেলেই আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান অব্যাহত থাকায় বর্তমানে কেউ পাহাড় কাটছে না।’