অবাধে জাটকা শিকার, রাতে ২০ স্থানে বিকিকিনি
শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে জাটকা শিকার চলছে। জেলেরা নদীর তীরের ২০টি স্থানে রাতের আঁধারে জাটকা বিক্রি করছেন। ওই সব জাটকা রাতেই ট্রাক ও পিকআপ ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।
জাটকা শিকারের সঙ্গে জড়িত জেলে, আড়তদার ও স্থানীয় ব্যক্তি সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে গোসাইরহাট উপজেলা পর্যন্ত ৮০ কিলোমিটার এলাকায় পদ্মা ও মেঘনা নদী বয়ে গেছে। নদীর তীরবর্তী ২০টি স্থানে মাছের আড়তের মালিকেরা জেলেদের কাছ থেকে কম দামে জাটকা কেনেন। পরে তা পাইকারদের কাছে বিক্রি করা হয়। পাইকাররা এসব স্থান থেকে জাটকা কিনে রাতের আঁধারে পিকআপ ভ্যান ও ট্রাকযোগে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, নড়াইলসহ বিভিন্ন স্থানে পাচার করেন। শরীয়তপুরের বিভিন্ন হাটবাজারেও জাটকা বিক্রি করা হয়।
জাটকা বিক্রির স্থানগুলো হলো গোসাইরহাটের চরজালালপুর, ঠান্ডারবাজার, দক্ষিণ কোদালপুর, কোদালপুর ৬ নম্বর ঘাট, হাটুরিয়া, চরজানপুর ও মাঝেরচর, ভেদরগঞ্জ উপজেলার স্টেশন বাজার, আলুর বাজার, তারাবুনিয়া, কাচিকাটা, চেয়ারম্যান স্টেশন বাজার ও দুলারচর, নড়িয়া উপজেলার ওয়াপদা, সুরেশ্বর, চরআত্রা, নওপাড়া ও সাধুর বাজার এবং জাজিরার মাঝির ঘাট ও পালের চর।
চরজালালপুর এলাকার মাছের আড়তের মালিক মাহাবুবুর রহমান বলেন, ‘জেলেরা নদীতে মাছ শিকার করছে। এর সাথে কিছু ছোট মাছ ধরা পড়ছে। দিনের বেলা এ মাছ বিক্রি করলে পুলিশি ঝামেলায় পড়তে হয়। বাধ্য হয়ে রাতের আঁধারে মাছ বিক্রি করতে হচ্ছে।’
তারাবুনিয়া এলাকার জেলে মশিউর রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। সংসার চালানোর জন্য মাছ ধরি। বড় মাছের সাথে কিছু জাটকা ধরা পড়ছে। মাছ ধরতে না পারলে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে মরতে হবে।’
জাটকার পাইকারি ব্যবসায়ী সায়েদ ফকির বলেন, ‘নদীর তীর থেকে বড় মাছের সাথে জাটকা কিনে থাকি। ট্রাকযোগে বিভিন্ন জেলায় এ মাছ সরবরাহ করি। রাতে মাছ নিতে সুবিধা। পথে ঝামেলা হয় না।’
জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৯ ইঞ্চির চেয়ে ছোট মাছ (জাটকা) শিকার নিষিদ্ধ করেছে। মৎস্য আইনে এ সময়ে জাটকা শিকার, পরিবহন ও বিপণনে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। মাঝে মাঝে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করছি। জড়িতদের আইনের আওতায় আনছি। লোকবল-সংকটের কারণে নদীতে অভিযান চালাতে পারছি না।’