অবাধে ডিমওয়ালা মাছ ও রেণু শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে আইন লঙ্ঘন করে ডিমওয়ালা মাছ ও রেণু শিকার করছেন মৎস্যজীবীরা। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও মৎস্যজীবী সূত্রে জানা গেছে, এক মাস ধরে জেলার নয়টি উপজেলার অধিকাংশ এলাকায় বন্যার পানি উঠেছে। এসব এলাকার খাল-বিল, নদী-নালা পানিতে টইটম্বুর। চলনবিলসহ শাহজাদপুর, উল্লাপাড়া, চৌহালী, কাজীপুর, তাড়াশ, বেলকুচি উপজেলার নদী, খাল-বিল থেকে এক শ্রেণির মৎস্যজীবী অবৈধ বাদাই জাল দিয়ে ডিমওয়ালা মাছ ও পোনা ধরছেন। প্রতিদিন অন্তত ৫০ মণ মা-মাছ ধরা পড়ছে। স্থানীয় হাটবাজার ও আড়তে অবাধে বিক্রি হচ্ছে এসব মাছ।
গত শুক্র ও গতকাল শনিবার শাহজাদপুর উপজেলার চিনাধুকুরিয়ার বিল ও তাড়াশের চলনবিল এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অনেকেই বাদাই জাল ফেলছেন। জালে বোয়াল, পুঁটি, টেংরা, চিতল, শোল, টাকি, শিং, কাতল, রুই, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ ধরা পড়ছে। এ ছাড়া মাছের ছোট পোনাও ধরা পড়ছে।
শাহজাদপুর উপজেলার ব্রজবালা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, শুধু চিনাধুকুরিয়ার বিল এলাকায় প্রতিদিন ২০টি বাদাই জালে মাছ শিকার করা হচ্ছে। আর মাত্র ১০ দিনের মধ্যেই মাছের ডিমপাড়া শেষ হতো। এ ছাড়া এ সময়ের মধ্যে রেণুগুলো বড় হতো।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্যজীবী বলেন, ‘ডিমওয়ালা ও রেণু মাছ শিকার করা সহজ। তাই আমরা এই মাছ শিকার করছি। কারণ ডিমওয়ালা মাছ এমনিতেই দুর্বল থাকে। তা ছাড়া বাজারে চাহিদাও বেশি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল হোসেন শেখ বলেন, ‘আইনগতভাবে ডিমওয়ালা ও নয় ইঞ্চির কম মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। চলতি মৌসুমে এ ধরনের মাছ শিকারের অনুমতি নেই। তবে বিষয়টি দুই দিন আগে জানতে পেরেছি। ঈদের পর সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’