অবাধে নদীর বালু লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুর কাছ থেকে বালু ও মাটি তুলে ট্রলিতে ভরা হচ্ছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুর কাছ থেকে বালু ও মাটি তুলে ট্রলিতে ভরা হচ্ছে। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

আইন লঙ্ঘন করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়কসেতুর কাছ থেকে বালু ও মাটি তোলা হচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় স্থানীয় দুই ব্যক্তি অবাধে ওই বালু ও মাটি কেটে নিয়ে বিক্রি করছেন। এতে সেতুটি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর দ্বিতীয় সড়কসেতু নির্মাণের কাজ চলছে। গত এক মাস থেকে এলাকার মিলন মিয়া ও মিশন মিয়া নামের দুই ব্যবসায়ী সেতুর কাছ থেকে শ্রমিক দিয়ে বালু ও মাটি কেটে নিয়ে বিক্রি করছেন। প্রতিদিন বালু ও মাটি কেটে আনুমানিক ৩০টি ট্রলিতে তুলে বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। প্রতি ট্রলি বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়।
অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ হতে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়াও সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
গত সোমবার সকালে সরেজমিনে জানা যায়, সেতুর পিলারের আনুমানিক ৫০ গজ পূর্ব দিকে নদী থেকে বালু ও মাটি তোলা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, গত এক মাস থেকে এই স্থান থেকে বালু ও মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সেতুর পিলার ঘেঁষে এভাবে বালু-মাটি না তোলার জন্য তাঁদের (বালু-মাটি ব্যবসায়ী) নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা শোনেননি।
ব্যবসায়ী মিলন মিয়া ও মিশন মিয়া দাবি করেন, একসময় নদীর মধ্যে তাঁদের জমিজমা ছিল। ভাঙনে এসব জমি নদীতে বিলীন হয়ে যায়। জমি ভেঙে গেলেও সেখানে চর জেগে ওঠে। তাই সেখান থেকে মাটি কেটে ও বালু তুলে ব্যবসা করছেন। আইনে এভাবে মাটি ও বালু তোলা যে নিষিদ্ধ, তা তাঁরা জানেন না।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল হাসান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। কিন্তু এখানে আমার কোনো করণীয় নেই। এর পরও আমি তাঁদের নিষেধ করেছি।’
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘ওই এলাকার পাশের একটি এলাকায় গিয়ে এক মাস আগে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ করেছি। বর্তমানে এ বিষয়টি আমার জানা নেই। তবে খুব শিগগির আবারও সেখানে অভিযান চালানো হবে।’ নজরদারির বিষয়ে তিনি বলেন, এখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেই। ওই দায়িত্বও তিনি পালন করছেন। বালু ও মাটি তোলার বিষয়ে খবর পেলে তাঁরা ব্যবস্থা নেন।