অবাধে পাচার হচ্ছে সুন্দরীগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত টেংরাগিরি বনের নিশানবাড়িয়া এলাকা থেকে প্রতিদিন কয়েক শ সুন্দরীগাছ কেটে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এতে বন বিভাগের স্থানীয় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগ সূত্র জানায়, তালতলী থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পর্যন্ত বিস্তৃত এই বনের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। সুন্দরবনের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় এই বন। ১৯২৭ সালের বন আইনের জরিপ অনুযায়ী, ১৯৬০ সালে এটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। এ বনাঞ্চল ও সংলগ্ন সোনাকাটা সৈকত ঘিরে গড়ে তোলা হয়েছে সোনাকাটা ইকোপার্ক। বনের নিশানবাড়িয়া বিটের আওতায় গৈয়ামতলায় রয়েছে প্রায় এক হাজার ২০০ একর আয়তনের সুন্দরীগাছের বিশাল বাগান।
বনের ভেতরের খালে মাছ ধরেন এমন কয়েকজন জেলের অভিযোগ, নিশানবাড়িয়া এলাকার বিট কর্মকর্তা কামাল হোসেন ও বনরক্ষী মিজানুর রহমান সরাসরি এসব গাছ কাঠ পাচারকারীদের কাছে বিক্রি করেন। পাঁচটি সুন্দরীগাছ নিয়ে একসেট গাছ তাঁরা বিক্রি করেন মাত্র ৬০০ টাকায়। চোরাকারবারিদের কাছে গাছ বিক্রির এই টাকা লেনদেন হয় স্থানীয় দালালদের মাধ্যমে। সপ্তাহে যত গাছ পাচার হয়, তার টাকা আদায় করা হয় প্রতি বৃহস্পতিবার পটুয়াখালীর মহিপুর বাজারে। এসব টাকা আদায় করেন নিশানবাড়িয়ার বিটের বনরক্ষী মিজানুর রহমান ও তাঁর ভাই মহিপুর বন বিভাগের বনরক্ষী নূরুল ইসলাম।
সরেজমিনে কথা হয় চোরাকারবারি দলের এক সদস্যের সঙ্গে। তিনি জানান, তালতলীর নিশানবাড়িয়া সংরক্ষিত বনের গৈয়ামতলা এলাকা থেকে দৈনিক প্রায় ৫০০-৬০০ গাছ কাটা হয়। এরপর ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকায় করে প্রথমে নেওয়া হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজামপুর গ্রামের পাশের খালে। পরে সুবিধামতো সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। নিজামপুর গ্রামের শামসুল হক এবং একই গ্রামের আশরাফ মৃধা ও অন্য একজন এই গাছ পাচার করেন। দীর্ঘদিন ধরেই তাঁরা এ বনের গাছ পাচার করছেন।
এ ছাড়া পর্যটন স্থান (স্পট) গৈয়ামতলায় ভোররাতে খাবারদাবারসহ ৩০-৩৫ জন শ্রমিক নিয়ে তাঁরা বনের ভেতর ঢুকে পড়েন। এরপর সন্ধ্যার পর গৈয়ামতলার ও ফেচুয়ার খালে আগে থেকে অবস্থান নেওয়া ট্রলার ও বড় নৌকায় করে এসব গাছ মহিপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে পিরোজপুর জেলার স্বরূপকাঠি, বরিশালের বানারিপাড়া এবং পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। সপ্তাহে চার দিন তাঁরা গাছ কাটেন। এতে এক দিনে ১৪ থেকে ১৬টি নৌকা ও ট্রলারে করে এসব গাছ নিয়ে যায় পাচারকারীরা। প্রতিটি নৌকা ও ট্রলারে ৫০টি গাছ নেওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে নিশানবাড়িয়া বনের বিট কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি বন থেকে সুন্দরীগাছ কাটছে। আমি গত ১৮ নভেম্বর তিনজন কাঠচোরকে ধরেছি। এখন প্রতিদিন অভিযান চলছে। তবে এ চক্রটিকে ধরতে অভিযান বাড়ানো হয়েছে।’
এ বিষয়ে মিজানুরের সঙ্গে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা আবদুল জলিল বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর তাঁকে গত ১৮ নভেম্বর বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি এখনো এলাকায় আছেন।
পটুয়াখালী-বরগুনা জেলার বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, অভিযোগের বিরুদ্ধে চলা তদন্তে বন বিভাগের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।