অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক কোমল পানীয়
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক পানীয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এগুলো নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারি না থাকায় অবাধেই বিক্রি হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ধোবাউড়ার বিভিন্ন বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদর, গোয়াতলা বাজার, কলসিন্দুর বাজারের বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক পানীয় পাগলু ফিলিংস, সেভেন হর্স, অ্যাক্টিভ, ডাবল হর্স। এ ছাড়া এসব দোকানে আরও কয়েক প্রকার কোমল পানীয় বিক্রি হচ্ছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাজারে বিক্রি হওয়া বিভিন্ন যৌন উত্তেজক কোমল পানীয়তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া যাওয়ায় সরকার সম্প্রতি এ ধরনের অনেক কোমল পানীয় নিষিদ্ধ করেছে। কিন্তু কোন কোন ব্র্যান্ডের পানীয় নিষিদ্ধ করা হয়েছে তার তালিকা তাঁদের কাছে নেই।
কয়েকজন দোকানি ও এসব পানীয় সেবনকারী কয়েকজন ব্যক্তি জানান, বাজারে বর্তমানে যেসব পানীয় বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্র্যান্ডের বোতলের গায়ে ‘হারবাল সিরাপ’ লেখা রয়েছে। কিন্তু এসব পানীয়তে বেশি মাত্রায় অ্যালকোহল থাকায় এসব পান করলে শরীরে উত্তেজনা সৃষ্টি হয়।
সম্প্রতি উপজেলা সদরের কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর নানা বয়সী পুরুষ যৌন উত্তেজক কোমল পানীয় কিনছেন। চাওয়ামাত্রই দোকানি কাগজে মুড়িয়ে ক্রেতাকে তা দিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদরের একজন দোকানি জানান, বেশির ভাগ দোকানে ওসব কোমল পানীয় রাখে বলে ব্যবসা টিকিয়ে রাখতে তিনিও খুব কম পরিমাণে ওসব পানীয় রাখেন। তবে তিনি বিবাহিত আর পরিচিত লোকদের কাছেই শুধু তা বিক্রি করেন। ওসব পানীয়র দাম ৭০ থেকে ৮০ টাকা।
এসব কোমল পানীয় পান করা এক ব্যক্তি নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘এক রাতে বন্ধুদের উসকানিতে নিষিদ্ধ একটি বোতল খেয়েছিলাম। কিছুক্ষণ পর শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে মাথা ঝিমঝিম করতে শুরু করে। কয়েক ঘণ্টা এ অবস্থা ছিল। ওই রাতেই বুঝতে পেরেছি ওই পানীয় শরীরের জন্য ভালো না। বিশেষ করে সন্ধ্যার পর চাওয়ামাত্রই দোকানিরা তা দিয়ে দেন। প্রশাসনের নজরদারির অভাবে এখানে অবাধে এসব পানীয় বিক্রি হচ্ছে।’
ময়মনসিংহের ড্রাগ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ওসব পানীয় ওষুধের মধ্যে পড়ে না। খাদ্য হিসেবে গণ্য হওয়ায় বিএসটিআই অনুমোদন দেওয়া ও নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি বিএসটিআই দেখে। এ ধরনের যৌন উত্তেজক পানীয় সরকার নিষিদ্ধ করেছে জানি। কিন্তু নিষিদ্ধঘোষিত পানীয়ের নামের তালিকা আমাদের কাছে নেই।’
এ ব্যাপারে ইউএনও আনিসুজ্জামান বলেন, ‘অবাধে এসব পানীয় বিক্রির বিষয়টি আমার জানা নেই। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু দোকানে বিক্রি হতে পারে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’