রাজধানীর শ্যামপুর ও কদমতলী থানার বুড়িগঙ্গা সেতু, আলমবাগ, মুন্সিবাড়ি, জুরাইন কবরস্থানসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর অবাধে বিক্রি হচ্ছে মাদক। অলিগলিতে চললে নাকে লাগে গাঁজার উৎকট গন্ধ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ওই এলাকাগুলোর প্রতিটি সড়কে সন্ধ্যা থেকে মাদক বিক্রি ও সেবন করা হয়। এতে মহল্লার উঠতি বয়সের ছেলেরা মাদকাসক্ত হচ্ছে। তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকেরা। মাদকের অপব্যবহারে স্থানীয় পঞ্চায়েত সমিতির নেতারাও উদ্বিগ্ন। কিন্তু মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পান না। পুলিশের বিরুদ্ধেও মাদক বিক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন তাঁরা।
গত মঙ্গল ও বুধবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশে বুড়িগঙ্গা সেতুসংলগ্ন বাস ও লেগুনাস্ট্যান্ডে কাগজে প্যাঁচানো ছোট ছোট গাঁজার পুরিয়া বিক্রি করছেন এক লোক। গাঁজা কিনে বুড়িগঙ্গা সেতুর নিচে একটি ঝুপড়িতে বসে সেবন করছেন তিন যুবক। এই স্থানে পথচারীদের চলাচল কম। একইভাবে আলমবাগ মার্কেট এলাকার একটি ছোট গলিতেও মাদক বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া করিমুল্লারবাগ, মুন্সিবাড়ি, তুলাবাগিচা, জুরাইন কবরস্থান ও জুরাইন রেললাইন এলাকার বিভিন্ন গলি ও নর্দমায় ফেনসিডিলের বোতল পড়ে থাকতে দেখা গেছে। রেললাইনঘেঁষা বস্তির ঘরগুলো থেকেও গাঁজার উৎকট গন্ধ বাতাসে ছড়াচ্ছে। আলমবাগ ও আলম মার্কেট এলাকাটি কদমতলী থানার অন্তর্ভুক্ত। এই এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। যোগাযোগ করলে কাউন্সিলর মো. মাসুদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পোস্তগোলা ও আলমবাগের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, পোস্তগোলার শাওন ও তুলাবাগিচার শাকিল নামের দুই ব্যক্তি ওই এলাকাগুলোর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এই দুজনের সহযোগী হিসেবে আলমবাগের ইউসুফ, শামিম; তুলাবাগিচার মো. শাকিল, রায়হান, বেবি আক্তার, অনিক, কাজল; পোস্তগোলার সোহেল, পান সজীব; মুন্সিবাড়ির মাছুম; খন্দকার রোডের আরিফ মাঠপর্যায়ে মাদক বিক্রি করেন। তাঁদের অধীনে ২০ থেকে ২৫ জনের একটি দল মাঠে কাজ করে।
পুলিশের বিরুদ্ধে মাদক বিক্রেতাদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে শ্যামপুর থানার ওসি শেখ আবদুর রাজ্জাক বলেন, ‘কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ আছে। বিষয়টি নজরদারিতে আছে৷ মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে৷’