অবেদনবিদ না থাকায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে প্রসূতিদের অস্ত্রোপচার। এতে জেলা শহর বা অন্য স্থানে গিয়ে বেশি টাকা খরচ করে অস্ত্রোপচার করাতে হচ্ছে। অতিরিক্ত টাকা খরচ করতে গিয়ে গরিব পরিবারের লোকজন বিপাকে পড়েন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৫ সালে চালু হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম (ইওসি)। এরপর কয়েক বছরে প্রসূতিদের অস্ত্রোপচারের জন্য কেনা হয় প্রায় কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। ২০১১ সাল পর্যন্ত এখানে অনেক প্রসূতির বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়। কিন্তু ২০১১ সালে জুনিয়র গাইনি বিশেষজ্ঞ হামিদা আক্তার ও অবেদনবিদ হালিমা সুলতানা বদলি হয়ে যান। এরপর গাইনি বিশেষজ্ঞ হিসেবে নাসরিন সুলতানা যোগদান করলেও পাঁচ বছরে নতুন অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ। এদিকে এ কারণে অস্ত্রোপচারের জন্য আনা কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ‘উপজেলার বোরোরকালিরচর গ্রামের একজন রোগী প্রসূতি বিভাগে ভর্তি। রোগীর বাবা আশরাফ উদ্দিন বলেন, ‘আগের রাতে মেয়েকে নিয়ে হাসপাতালে আসি। রাতেই ডাক্তাররা জানিয়ে দিয়েছেন রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। এখানে চিকিৎসা হলে আমার খরচ কম হতো।’
কয়েক দিন আগে উপজেলার বিরই গ্রামের এনামুল ইসলামের স্ত্রী হাবিবা আক্তারকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর তিনি জানতে পারেন প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এনামুল ইসলাম জানান, পরে তিনি তাঁর স্ত্রীকে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করতে ৩০ হাজার টাকা খরচ হয়।
গফরগাঁও উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পাশের ত্রিশাল উপজেলার ধলা, বালিপাড়া ও নান্দাইল উপজেলার খারুয়া ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের দুই শরও বেশি গ্রামের লোক চিকিৎসাসেবা নিতে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। অস্ত্রোপচার চালু থাকার সময় বিনা মূল্যে সেবা পেতেন প্রসূতিরা। কিন্তু গত পাঁচ বছর তাঁরা ওই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ইওসি কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলম আরা বেগম বলেন, ‘অবেদনবিদ না থাকার বিষয়টি প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। কবে নাগাদ ওই পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে তা আমার জানা নেই।’