অবৈধ অটোরিকশা নামানোর ঘটনায় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা রাস্তায় নামানোয় আনোয়ার হোসেন আনু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ। আনোয়ার রাজধানীর লালবাগের নবাবগঞ্জ সেকশন থেকে নিউমার্কেট পর্যন্ত ব্যাটারিচালিত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করতেন বলে স্থানীয় সূত্র জানায়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘অবৈধ অটোরিকশা রাস্তায় নামিয়ে টাকাপয়সা নিতেন আনোয়ার, এ রকম অভিযোগ আছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’
আনোয়ার একসময় যুবলীগের রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
তবে স্থানীয় সূত্র জানায়, ৭ আগস্ট লালবাগ থানা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শরীফা আক্তার নীলা (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়। এর পর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু গতকাল শনিবার থেকে আবারও আনোয়ারের তত্ত্বাবধানে চালকেরা গাড়ি নিয়ে রাস্তায় চলাচল শুরু করেন। বিষয়টি জানার পর পুলিশ আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।