অবৈধ অ্যাম্বুলেন্স ভোগাচ্ছে হাসপাতালে ভর্তি রোগীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর হাসপাতাল চত্বরে অবৈধভাবে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। এসব অ্যাম্বুলেন্সের কালো ধোঁয়া ও শব্দে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ভোগান্তি।
হাসপাতাল এলাকা ঘুরে গত সোমবার দেখা গেছে, চত্বর এলাকায় যত্রতত্র রাখা হয়েছে ব্যক্তিমালিকানাধীন ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স। বিশেষত হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পূর্ব পাশে পুকুরের কাছে চলছে অ্যাম্বুলেন্স ধোয়ামোছার কাজ। চালকেরা অ্যাম্বুলেন্স চালু করে ইঞ্জিন পরীক্ষা করছেন। এতে বিকট শব্দের সঙ্গে গাড়িগুলো থেকে বের হচ্ছে কালো ধোঁয়া।
গাইবান্ধা শহরের ডিবি রোডের ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, ‘সম্প্রতি আমার অসুস্থ মাকে নিয়ে কয়েক দিন হাসপাতালে ছিলাম। সারাক্ষণ অ্যাম্বুলেন্সের বিকট শব্দ। মাঝে মাঝে কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। অথচ এখানে অনেক মুমূর্ষু রোগী থাকেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী অভিযোগ করেন, শব্দে একটুও ঘুমানো যায় না।
পরিবেশ আন্দোলন গাইবান্ধা কমিটির সদস্যসচিব জিয়াউল হক বলেন, এসব অ্যাম্বুলেন্সের বেশির ভাগই লক্কড়ঝক্কড় মার্কা। পুরোনো মাইক্রোবাসগুলোকে অ্যাম্বুলেন্সে রূপ দেওয়া হয়েছে। ফলে এসব অ্যাম্বুলেন্স হাসপাতাল এলাকায় ঢোকা ও বের হওয়ার সময় বিকট শব্দ হয়। কালো ধোঁয়া চারপাশ দূষিত করে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না।
এদিকে ক্যাম্পাসের যে পুকুরে অ্যাম্বুলেন্স ধোয়ামোছা করা হয়, এর উত্তর পাশে বক্ষব্যাধি হাসপাতাল। নাম প্রকাশে অনিচ্ছুক বক্ষব্যাধি হাসপাতালের এক চিকিৎসক বলেন, এখানে সব সময় রোগীদের ভিড় লেগেই থাকে। এসব অ্যাম্বুলেন্সের কালো ধোঁয়া অসুস্থ রোগীদের মারাত্মক ক্ষতি তো করেই, সুস্থ মানুষের জন্যও ক্ষতিকর।
এদিকে শাহ সুলতান অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক মাহফুজ হাসান বলেন, ‘অবৈধভাবে এ স্ট্যান্ড গড়ে তোলা হয়নি। হাসপাতালটিতে সরকারি অ্যাম্বুলেন্স মাত্র একটি। তা দিয়ে চাহিদা মেটে না। তাই রোগীদের সুবিধার জন্য আমরা এখানে অবস্থান করি।’ তিনি দাবি করেন, অ্যাম্বুলেন্স থাকায় রোগীদের কোনো সমস্যা হয় না।
অ্যাপোলো অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক দুর্জয় বলেন, ‘গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা দালালের খপ্পরে পড়েন। তাঁদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ ক্ষেত্রে আমরা গাইবান্ধা থেকে বগুড়া ১ হাজার ৮০০ টাকা, রংপুর ১ হাজার ৭০০ টাকা ও ঢাকায় যেতে ১০ হাজার টাকা নিচ্ছি।’
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী দাবি করেন, আগে হাসপাতাল ক্যাম্পাসে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সগুলো থাকত। এখন আর এসব অ্যাম্বুলেন্সকে সেখানে থাকতে দেওয়া হয় না। তিনি নিজেও স্বীকার করেন, হাসপাতাল ক্যাম্পাসে এভাবে অ্যাম্বুলেন্স রাখা অবৈধ। গত সোমবার দুপুরেও ক্যাম্পাসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে সিভিল সার্জনকে জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যেতে বলেন, রোগী নিতে এসে থাকতে পারে।