অবৈধ ইজারার অভিযোগে রেলের পাঁচজনের বিরুদ্ধে মামলা
ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের ১৩০০ বর্গফুট জায়গা অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপকসহ (জিএম)পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থার উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন কমলাপুর জিআরপি থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এই পাঁচজন হলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক জিএম মো. ফেরদৌস আলম, সাবেক উপপরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) মো. কবিরুল আলম, এরিয়া অপারেটিং ম্যানেজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. শফিকুর রহমান, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ প্রণবেশ সরকার ও বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. মোশাররফ হোসেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের ১৩০০ বর্গফুট জায়গা ক্ষমতার অপব্যবহার করে এই পাঁচজন পরস্পর যোগসাজশে ইজারা দেওয়া হয়েছে দেখিয়ে অবৈধভাবে লাভবান হন। দুদকের অনুসন্ধানে অবৈধভাবে ইজারা দেওয়ার ঘটনার প্রমাণ মেলায় কমিশন এ মামলা দায়েরের অনুমোদন দেয়।