অবৈধ ইজিবাইকের দখলে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক অবৈধ ইজিবাইকের দখলে চলে গেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সড়কের মধ্য যাত্রী ওঠানামা করানো হয়। এতে এসব সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় শহরের লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলাচলের জন্য ২০০ ইজিবাইক অনুমোদন দেয় পৌরসভা। এরপর থেকে অনুমোদনহীন ইজিবাইকের সংখ্যা বাড়তে থাকে। ফলে শহরের সড়কগুলোতে যানজটের শুরু হয়। বর্তমানে নিবন্ধনহীন অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার ইজিবাইক শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে।
১৯ মার্চ সকালে সাড়ে ১০টার সরেজমিনে দেখা যায়, পৌর শহরের প্রধান সড়কের কাউতলী মোড় থেকে মেড্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে সবচেয়ে বেশি ইজিবাইক চলাচল করছে। এই সড়কের টিএ রোড-সংলগ্ন গোড়াপট্টি সেতুর (ফকিরাপুল) ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ওপরের দক্ষিণ অংশের রাস্তায় এলোমেলোভাবে ইজিবাইক দাঁড়িয়ে আছে। পথচারীদের চলাচলের কোনো জায়গা নেই।
প্রধান সড়কের মতো শহরের ডাকবাংলো মোড়, রেলগেট, জেলা পরিষদ মার্কেট, কালীবাড়ি মোড়, মঠের গোড়া, পুরাতন কাছারি মোড়, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, কালাইশ্রিপাড়া, রামকানা হাইস্কুল পুকুর-সংলগ্ন সড়কেও একই রকম দৃশ্য দেখা যায়। এসব সড়কে ইজিবাইকের জন্য প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শহরের সব রাস্তায় এলোমেলোভাবে ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শহরের গোড়াপট্টির সেতুর (ফকিরাপুল) ওপর ইজিবাইকের স্ট্যান্ড গড়ে উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মনিষা দাস, তনুশ্রী দত্ত, ইকরা আক্তার, সাইমা ইসলাম বলেন, ফকিরাপুলের ওপর ইজিবাইকের অবৈধ স্ট্যান্ডের কারণে সেতুর দুই পাশেই চলাচলে অনেক সমস্যা হয়। প্রায় সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
শহরের আনন্দবাজার এলাকার ব্যবসায়ী টিটু দাস, মনির হোসেন, মো. আলামিন বলেন, পুরো শহর যেন ইজিবাইকের দখলে। অদক্ষ চালক ও অনিয়ন্ত্রিত ইজিবাইকের কারণে প্রতিদিন ছোট-বড় ১০ থেকে ১২টি দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ গুরুতর আহত হচ্ছে। কিন্তু এসবের কোনো প্রতিকার নেই।
শহরের পাউয়ার হাউস রোড এলাকার বাসিন্দা অভিজিৎ রায়, মীর শোভন বলেন, শহর সড়কজুড়েই ইজিবাইক। রাস্তার মোড়গুলোতে অবৈধ স্ট্যান্ডে সারা দিনই যানজট লেগে থাকে। তা ছাড়া রাস্তার মাঝখানেই ইজিবাইক থামিয়ে যাত্রীদের নামানো ও ওঠানো হয়।
জেলা আইনজীবী সমিতির সদস্য নাসির মিয়া বলেন, দেশের বিভিন্ন শহরে এ ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইজিবাইক চালকদের ট্রাফিক আইন-সম্পর্কিত কোনো জ্ঞান নেই।
ইজিবাইকের চালক এরশাদ মিয়া, আলমগীর হোসেন, আলী মিয়া বলেন, রোজগার হোক আর না হোক, দিন শেষে মালিককে ৫০০ থেকে ৬০০ টাকা করে দিতে হয়। তাই মাঝেমধ্যে দ্রুতগতিতে গাড়ি চালাতে হয়।
জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মনির হোসেন প্রথম আলোকে বলেন, পৌর শহরের বাইরে সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ইজিবাইকের জন্যই শহরে যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে পৌরসভার সচিব সৈয়দ মো. আবুজর গিফনী প্রথম আলোকে বলেন, বিষয়টির সঙ্গে জেলা প্রশাসনও জড়িত। দুই মাস আগে শহরে ইজিবাইক চলাচলের বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পৌর কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। পরিবহন কমিটি জেলায় ৮৭৭টি ইজিবাইক চলাচল করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি অনুমোদন হয়ে গেলে শহরে যানজট অনেকাংশে কমে যাবে।