অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
গাজীপুরের কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার ১০টি খাবারের হোটেলের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হোটেলকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাত থেকে আট মাস আগে কালিয়াকৈর পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন খাবারের হোটেলে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়। এভাবে প্রায় ৩০ লাখ টাকার হাতিয়ে নিয়েছে সাভার এলাকার এক দালাল। এসব হোটেলে দুই ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। প্রতিটি হোটেলে চার থেকে ছয়টি গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস-সংকটে পড়েছে এলাকার বৈধ গ্রাহকেরা। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন খাবারের হোটেলের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সুরুজ আলম, ডেপুটি ম্যানেজার সফিউদ্দিন আহমেদসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সোহাগ হোটেল, মালয়েশিয়া হোটেল, তাজমহল হোটেল, পলাশ মিষ্টান্ন ভান্ডার, তাপস মিষ্টান্ন ভান্ডার, আদি ভৃঙ্গরাজ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি হোটেল, নিউ স্টার রেস্টুরেন্ট, মুক্তা হোটেলসহ ১০টি খাবারের হোটেলের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মালয়েশিয়া হোটেলের ম্যানেজার সোহাগ মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে ২০০ ফুট পাইপ, ১০টি রাইজার ও ২৫টি চুলা জব্দ করা হয়।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, অবৈধ সংযোগকারীদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।