অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে যুবলীগের সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মারবদী গ্রামে গতকাল মঙ্গলবার অবৈধভাবে গ্যাস-সংযোগকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আজিজুল ইসলাম, তাঁর ভাই তৈয়ব আলী ও নজরুল ইসলাম, চাচা সফিকুল ইসলাম, তাঁর নয় বছরের শিশুসন্তান হাসান মিয়া এবং আবু বক্কর ও আবুল হোসেন। তাঁদের মধ্যে আজিজুল ও হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবার বাড়ি মারবদী গ্রামে।
সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ আহাম্মেদ বলেন, ‘যুবলীগ নামধারী নেতা দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা গ্যাস-সংযোগের ঘটনাকে কেন্দ্র করে আমার সমর্থক আজিজুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।’
যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘আমি টাকা খরচ করে গ্যাস-সংযোগ দিয়ে ব্যবসা করে আসছি। গ্যাসের সংযোগ অবৈধ হলেও আমার অনুমতি না নিয়ে তারা গ্যাস-সংযোগ নেয়। এ কারণে আমার কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বেলা তিনটার দিকে দেলোয়ার হোসেনের নেতৃত্বে যুবলীগ কর্মী আবুল হোসেন, আবু বকর, বাদল মিয়া, কামাল মিয়া, সফিক মিয়া, ওমর ফারুক, সোহেলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল ইসলামের বাড়িতে হামলা চালান। তাঁরা আজিজুলের পরিবারের কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এলাকাবাসী একত্র হয়ে দেলোয়ার হোসেনের লোকদের ধাওয়া দিলে তাঁর পক্ষের আবু বক্কর ও আবুল হোসেন আহত হন। পরে দেলোয়ার হোসেনের নেতৃত্বে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে হাসান মিয়া আহত হয়।
এলাকার কয়েকজন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সনমান্দি ইউনিয়ন যুবলীগের কর্মী দেলোয়ার হোসেন যুবলীগের নাম ভাঙিয়ে মারবদী, কান্দাপাড়া, সাজালের কান্দি, সনমান্দি, ফতেপুর, ছোনকান্দা, দড়িকান্দি, দক্ষিণপাড়া ও কাফাইয়া কান্দাসহ ২০টি গ্রামে অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ দিয়ে আসছেন। তিনি এভাবে পাঁচ শতাধিক সংযোগ দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত রোববার দেলোয়ার হোসেনকে না জানিয়ে সনমান্দি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগ কর্মী ফিরোজ আহাম্মেদের সমর্থক আজিজুল ইসলাম তাঁর বাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেন। এতে আজিজুলের ওপর দেলোয়ার ক্ষিপ্ত হন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস-সংযোগে জড়িত ব্যক্তিরা যুবলীগের কেউ নন। যুবলীগের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।