অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ওই কোম্পানির চার কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলী গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে কদমতলী গ্রামে গিয়ে গতকাল ছয়টি অবৈধ লাইন বিচ্ছিন্ন করেন কোম্পানির গৌরীপুর কার্যালয়ের লোকজন। পরে দুপুর ১২টার দিকে রেগুলেটরগুলো কার্যালয়ে নিয়ে আসার পথে ওই গ্রামের সেতুর কাছে দুটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত এসে তাঁদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ের ব্যবস্থাপক এহসানুল কবীর, ব্যবস্থাপক আবুল বাশার, সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান হামিদী, সহকারী কর্মকর্তা সৈয়দ লুৎফুল কবির ও গাড়িচালক আকবর হোসেনকে পিটিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা রেগুলেটরগুলো ছিনিয়ে নিয়ে যায়।
কোম্পানির গৌরীপুর কার্যালয়ের দায়িত্বে থাকা (ইনচার্জ) প্রকৌশলী কমল কুমার ঘোষ বলেন, বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।