অবৈধ ট্রলিতে এক বছরে ১২ জনের প্রাণহানি
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে অবৈধ ট্রলিতে ১২ জন নিহত হয়েছেন। উপজেলায় শতাধিক ট্রলি অবৈধভাবে চলছে। এসব ট্রলিতে আরও কমপক্ষে ২০টি দুর্ঘটনায় আহত হন প্রায় ৩০ জন। অধিকাংশ নিহতের ঘটনায় থানায় মামলা হয়নি।
রায়পুর থানার একটি সূত্র জানায়, কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে বানানো হয় ট্রলি। স্থানীয়ভাবে বানানোর কারণে এগুলো মানসম্মত হয় না। যেনতেনভাবে ওয়ার্কশপে বানানো হয়। ব্রেকও থাকে না পেছনে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি সড়কের বাসাবাড়ি এলাকায় বেপরোয়া গতির একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাণ হারান স্থানীয় সাংবাদিক ইসলাম উদ্দিন ওরফে বাপ্পি (২৮)। গত বছরের নভেম্বরে চাঁদপুর-রায়পুর সড়কে গাছি বাড়ি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রলি। এতে ব্যাংক কর্মকর্তা মো. ফারুক হোসেন নিহত হন। গত ৩ এপ্রিল উপজেলা পরিষদ সড়কে বেপরোয়া গতির একটি ট্রলি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী হামিদ উল্যা (৬০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাপ্পির বাবা মো. আলম বলেন, অবৈধভাবে ট্রলি রাস্তায় চলাচলের কারণে তাঁর ছেলের জীবন শেষ হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া জানান, ৩০ জানুয়ারি শহরের প্রধান সড়কে পাশ দিয়ে হাঁটছিলেন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাকিব হোসেন। এ সময় একটি ট্রলি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ভেঙে যায় তাঁর বাঁ পা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করাতে হয়।
তিন বছর ধরে ট্রলির ব্যবসা করছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, সতর্কভাবে ট্রলি চালাতে চালকদের বলা হয়েছে। ট্রলি রাস্তায় চলাচল অবৈধ হলেও তা মানুষের উপকারে আসে।
রায়পুর থানার ওসি আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া বলেন, ট্রলি রাস্তায় চলাচল অবৈধ। শিগগিরই অভিযান চালিয়ে এগুলোর রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হবে।