অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধা, কার্যত অবরুদ্ধ ছিলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা গতকাল দুপুরে উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হক, রেলমন্ত্রী মুজিবুল হকসহ (বাঁয়ে) বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা গতকাল দুপুরে উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হক, রেলমন্ত্রী মুজিবুল হকসহ (বাঁয়ে) বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

রাজধানীর তেজগাঁওয়ে গতকাল রোববার অবৈধ ট্রাকস্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদের চেষ্টার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে প্রায় তিন ঘণ্টা কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন শ্রমিকেরা। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। উত্তেজিত শ্রমিকেরা মেয়রের প্রটোকলের গাড়ি ভাঙচুর করেন। শুরুতে রেলমন্ত্রীও সেখানে ছিলেন। তবে হাঙ্গামা শুরু হলে তিনি চলে যান।
মেয়র আনিসুল হক তাঁর নির্বাচনী অঙ্গীকারে যেসব বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রেখেছিলেন, তার মধ্যে তেজগাঁওয়ের অবৈধ ট্রাকস্ট্যান্ড সরানোর বিষয়টিও ছিল। দায়িত্ব গ্রহণের পর দফায় দফায় আলোচনা এবং অন্তত তিনবার তিনি ট্রাকমালিক ও শ্রমিকদের সেখান থেকে সব স্থাপনা সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেন। সে অনুযায়ী ২৭ নভেম্বর সর্বশেষ মেয়াদটি শেষ হয়। তবে গতকালও এ কাজটি তিনি শেষ করতে পারেননি।
গতকাল বেলা একটার দিকে ডিএনসিসি পূর্বঘোষণা অনুযায়ী ট্রাকস্ট্যান্ডের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ট্রাকের গ্যারেজ উচ্ছেদ শুরু করে। উচ্ছেদের একপর্যায়ে শ্রমিক ও স্থানীয় বস্তির লোকজন উচ্ছেদকারীদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শটগানের গুলি ছোড়ে।
ডিএনসিসির লোকজন ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের অভিযান শুরু করার প্রায় ৩০ মিনিট পরে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। স্ট্যান্ডের ভেতরে দাঁড়িয়ে থাকা পুরোনো ও নষ্ট কয়েকটি ট্রাক উচ্ছেদ করার সময় শ্রমিকেরা হঠাৎ হামলা চালান। সেখানে রেলমন্ত্রী মুজিবুল হক ও মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। পুলিশ কয়েকটি গুলি ছোড়ে।
ট্রাকস্ট্যান্ডের দখল উচ্ছেদ করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের কার্যালয়ে যান। ইউনিয়নের কার্যালয়ের বাইরে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রেলমন্ত্রী মুজিবুল হক তখন দ্রুত স্থান ত্যাগ করেন।
শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন এবং অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শ্রমিকেরা ট্রাকস্ট্যান্ডের সামনের সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কের দুই দিকে আড়াআড়িভাবে ট্রাক-কাভার্ড ভ্যান রেখে যান চলাচল বন্ধ করে দেন।
বেলা ১টা ৪০ মিনিটে পুলিশের ছোড়া গুলিতে ট্রাকচালক জসিমউদ্দিন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, জসিমউদ্দিনের শরীরের বিভিন্ন অংশে ছররা গুলি লেগেছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের তিনটি গুলি ছোড়ে।
এ ছাড়া ভাঙচুরের শিকার হয় চ্যানেল আই ও চ্যানেল ২৪-এর দুটি গাড়ি। চ্যানেল আইয়ের গাড়ির চালক আজহার আহত হন। শ্রমিকদের ইটের আঘাতে বিডিনিউজ টোয়েন্টিফোরের ফটোসাংবাদিক তানভীর আহমেদ মাথায় আঘাত পান। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, ‘কিছু লোক উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছেন। যাঁরা ইটপাটকেল ছুড়েছেন, তাঁদের মধ্যে শ্রমিকের চেয়ে বহিরাগত বেশি।’
ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের কার্যালয়ের ভেতরে উপস্থিত সাংবাদিকদের মেয়র আনিসুল হক বলেন, ‘রাস্তায় গাড়ি পার্কিং করে রাখবেন আর সবাই মেয়রকে গালি দেবে, তা হবে না। কোনো ধরনের দখল বরদাশত করা হবে না। এর জন্য যা প্রয়োজন করা হবে। কোনো ধরনের মাস্তানি চলবে না। ৫০ জন এমন হইচই করল আর আমরা ভয় পেয়ে গেলাম, তা হবে না।’
ভেতরে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর বিকেল পৌনে পাঁচটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ইউনিয়ন কার্যালয় থেকে বের হন আনিসুল হক। বের হয়ে শ্রমিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যে জায়গা দখল করা হয়েছে, তা রেলওয়ের জায়গা। মালিকপক্ষ বলেছে, ভেতরে জায়গা করে দেন। আমরা জায়গা করে দিয়েছি। রাস্তার ওপরের ট্রাকগুলো ভেতরে ঢুকবে। আমরা ভেতরে ভালো মানের টার্মিনাল বানাব।’
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ট্রাকস্ট্যান্ডের অবৈধ দখল বেশির ভাগ উচ্ছেদ করা হয়ে গেছে। আরেকবার উচ্ছেদ অভিযান চালানো লাগতে পারে। পরে আলাপ-আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ নভেম্বর থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে ডিএনসিসি ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির মধ্যে কথা হচ্ছে। সেদিন রেলপথমন্ত্রী মুজিবুল হক ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছিলেন মেয়র আনিসুল হক। তখন তিনি বলেছিলেন, ৭ নভেম্বরের মধ্যে ট্রাকস্ট্যান্ডের ভেতরের অবৈধ স্থাপনা না সরালে ৮ নভেম্বর সেগুলো উচ্ছেদ করা হবে।
৮ তারিখে এসে মেয়র দেখেন সড়ক থেকে ট্রাক সরেনি, দখলও আছে। মেয়র পুনরায় ২৭ নভেম্বর পর্যন্ত মালিকদের সময় বেঁধে দেন। বেঁধে দেওয়া সময় শেষে গতকাল (২৯ নভেম্বর) ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, তেজগাঁও রাস্তায় দিনরাত মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, যানজট হয়। আমি ট্রাকমালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। তাঁরা রাস্তা থেকে ট্রাক সরাতে রাজি হন। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা এসব জায়গা থেকে সুবিধা পান। তাঁরা আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তবু আমি আমার কাজটি শেষ করেছি। এখন বাকি কাজ পুলিশ করবে। আমি মহাখালী ও কারওয়ান বাজারে রাস্তা পরিষ্কার করেছি। তার সুফল মানুষ পাচ্ছে। মানুষের ভালোর জন্য যা যা করা আমার পক্ষে সম্ভব তা করে যাবই।