অবৈধ দখল ঠেকাতে গিয়ে রেল কর্মকর্তা লাঞ্ছিত
সৈয়দপুরে অবৈধ দখল ঠেকাতে গিয়ে রেলওয়ের পূর্ত বিভাগের কর্মকর্তা তহিদুল ইসলাম লাঞ্ছিত হয়েছেন। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার ৫০ গজের মধ্যেই সাহেবপাড়া এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘটে।
রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘ব্যবসায়ী আহমেদ আলী নামের এক ব্যক্তি সাহেবপাড়া রেল কলোনির একটি নর্দমা বন্ধ করে ২৫০ বর্গফুট জায়গা দখল করেছেন বলে আমরা জানতে পারি। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখি, নর্দমার ওপর পাকা স্থাপনা গড়ে তোলা হচ্ছে। তখন ওই স্থাপনা নির্মাণকাজে বাধা দেওয়া হলে আশপাশ থেকে কয়েকজন যুবক ছুটে আসে। তারা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করে আমাদের পরিচয় জানতে চায়। আমি নিজেকে সরকারি কর্মচারী এবং সরকারি সম্পত্তি রক্ষাই আমার কাজ বলে জবাব দিই। শুনেই যুবকেরা আমার ওপর চড়াও হয়। তারা আমার জীবননাশেরও হুমকি দেয়।’
এ বিষয়ে আহমেদ আলী বলেন, ‘রেলের জমি তো সবাই দখল করছে। তাদের তো কিছু হয় না। আমারও কিছুই হবে না।’ রেল কর্মকর্তাকে লাঞ্ছিত এবং হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মহল্লার ছেলেরা ওই কর্মকর্তাদের চলে যেতে বলেছে। মারপিট করা হয়নি। ওই যুবকেরা ছাত্রলীগ করে কি না, তা অবশ্য আমার জানা নেই।’