অবৈধ দখলে বেহাল রাজধানীর কলেজগেট লিংক রোড। সড়কজুড়ে বসানো হয়েছে অসংখ্য দোকানপাট ও গাড়ির গ্যারেজ। ভারী যানবাহন চলাচল করায় মাঝে মাঝে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বাতির অভাবে রাতে সড়কটি থাকে অন্ধকারে নিমজ্জিত।
সংযোগ সড়কটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত। গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দুই পাশে তৈরি করা হয়েছে অর্ধশতাধিক দোকানপাট। বসানো হয়েছে খাবার হোটেল, চা-বিস্কুট, ফল ও তৈজসপত্রের দোকান। এ ছাড়া রাস্তার ওপর রয়েছে রিকশার গ্যারেজ ও সেলুন। সড়কের দুই পাশ দখল করে এসব অবৈধ দোকানপাট বসানোয় চলাচলের জায়গা অত্যন্ত সরু হয়ে গেছে। রাস্তার ওপরই হচ্ছে জ্বালানি তেলের অবৈধ ব্যবসা। তেল বেচাকেনা করতে এ সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। ফলে সড়কটির বেশ কয়েক জায়গা ভেঙে গেছে।
এ সড়কটির দুই পাশে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, হৃদ্রোগ ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে কিংবা শেরেবাংলা নগর থেকে আসা রোগী ও তাঁর স্বজনেরাও যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করেন। অথচ কলেজগেট থেকে শাকসবজির বাজার পর্যন্ত সড়কবাতি না থাকায় রাতে সড়কটি নিমজ্জিত থাকে গাঢ় অন্ধকারে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী অর্জুন চন্দ্র রায় বলেন, ‘সড়কটি চলাচলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অথচ ভাঙাচোরা ও রাতে থাকে অন্ধকার। দখল উচ্ছেদ ও সংস্কার করা দরকার।’
অবৈধ দোকানপাট উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশ গোপাল বিশ্বাস প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে। সিটি করপোরেশন যদি চায় আমরা তাদের ফোর্স দিয়ে সহায়তা করব।’